বাগেরহাটে ঘরের ট্রাঙ্কে নারীর অর্ধগলিত লাশ
দুই-তিন দিন ধরে ওই নারীর বাড়ি তালাবদ্ধ দেখে প্রতিবেশীরা তার মেয়েকে খবর দেন; পরে মেয়ে গিয়ে থানায় জানালে পুলিশ লাশ উদ্ধার করে ট্রাঙ্ক থেকে।
বাগেরহাটের রামপালে ট্রাঙ্ক থেকে ৭৫ বছর বয়সী এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
উপজেলার বেতকাঠা গ্রামে ঘর থেকে সোমবার সন্ধ্যায় তার মরদেহ উদ্ধার করা হয় বলে বাগেরহাট জেলার মুখপাত্র পরিদর্শক এস এম আশরাফুল আলম জানান।
মৃত নীহারিকা হালদারর ওই গ্রামের ক্ষিতিশ হালদারের স্ত্রী। মঙ্গলবার দুপুরে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে তার লাশের ময়নাতদন্ত হয়েছে।
স্থানীয়দের বরাতে পরিদর্শক আশরাফুল বলেন, নীহারিকা হালদারের তিন মেয়ের বিয়ে হয়ে গেছে। এক ছেলে চাকরির কারণে বাইরে থাকেন। বৃদ্ধা নীহারিকা বাড়িতে একাই থাকতেন। প্রতিবেশীরা দুতিন দিন ধরে নীহারিকার বাড়ি তালাবদ্ধ দেখে তার মেঝ মেয়ে রাধিকা শিকদারকে খবর দেন।
“পরে রাধিকা এসে স্থানীয়দের সহায়তায় তালা ভেঙে ঘরে প্রবেশ করেন। এ সময় তালাবদ্ধ লেপ-তোষকের ট্রাঙ্ক থেকে দুর্গন্ধ পেয়ে তারা থানায় খবর দেয়।”
পরে পুলিশ গিয়ে ট্রাঙ্কের তালা ভেঙে নীহারিকার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে বলে জানান আশরাফুল।
রামপাল থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন বলেন, বাড়িতে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা নিতেই নীহারিকাকে দুর্বৃত্তরা হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের পুলিশ শনাক্ত করতে তদন্ত করছে পুলিশ।
