Published : 02 Jun 2026, 09:00 PM
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় মাদকের টাকার জন্য বাবা-মাকে মারধরের অভিযোগে দুই ভাইকে পাঁচ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দুপুরে উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের পূর্ব সোহাগীপাড়া গ্রামে অভিযান চালিয়ে এ দণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ধোবাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোশারফ হোসাইন।
দণ্ড পাওয়ারা হলেন- ওই গ্রামের মো. আবদুল কদ্দুসের ছেলে রেজাউল ইসলাম রেজু (২৪) ও তার ছোট ভাই তরিকুল ইসলাম (২০)।
স্বজনদের অভিযোগ, ওই দুই ভাই দীর্ঘদিন ধরে মাদকের টাকার জন্য তাদের বাবা-মাকে মারধর করতেন। খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।
ইউএনও মোশারফ হোসাইন বলেন, “আটকের পর দুই ভাইয়ের কাছ থেকে দুটি করে ইয়াবা পাওয়া যায়। তারা মাদকের টাকার জন্য নিয়মিত তাদের মা-বাবাকে মারধর করতেন।”
এ ঘটনায় তাদেরকে পাঁচ মাস করে বিনাশ্রম কারাদণ্ডের পাশাপাশি দুই হাজার টাকা করে জরিমানা করা হয় বলে জানান তিনি।
পরে দুই ভাইকে কারাগারে পাঠানোর জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয় বলে জানান ইউএনও মোশারফ হোসাইন।