২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে পুলিশ হটিয়ে মহাসড়কের দখল নিল শিক্ষার্থীরা

বন্দর থানার ওসি বলেন, “শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে। বেলা ১২টার পর থেকে মহাসড়ক দিয়ে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।”

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2024, 05:31 PM

Updated : 26 Aug 2026, 10:02 AM

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হটিয়ে দিয়ে বরিশাল-কুয়াকাটা ও বরিশাল-ভোলা মহাসড়কে অবস্থান নিয়েছে কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীরা। 

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে র‌্যাব-পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। 

মহানগরীর বন্দর থানার ওসি আব্দুর রহমান মুকুল বিকাল ৪টার দিকে বলেন, “বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে। বেলা ১২টার পর থেকে মহাসড়ক দিয়ে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।” 

তবে পুলিশের কাঁদুনে গ্যাস ও রাবার বুলেটের আঘাতে অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়েছে বলে জানিয়েছেন কোটা সংস্কার আন্দোলন সমন্বয় কমিটির সদস্য ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুজয় বিশ্বাস শুভ। 

আহতদের মধ্যে ৪৪ জন বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন জানান তিনি। 

শুভর দাবি, তারা কর্মসূচি পালনের জন্য ক্যাম্পাসে ছিলেন। তখন বিনা উসকানিতে পুলিশ ও র‌্যাব সদস্যরা শিক্ষার্থীদের ওপর কাঁদুনে গ্যাস ও গুলি ছোড়ে। এতে শিক্ষার্থীরা আহত হয়েছে। পরে র‌্যাব-পুলিশের সদস্যরা তাদের ভুল বুঝতে ক্যাম্পাসের সামনে থেকে সরে যায় বলে জানান তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে বরিশাল-কুয়াকাটা মহাসড়কে বের হওয়ার চেষ্টা করে। পুলিশ তাদের প্রধান ফটকের ভেতরে আটকে রাখার চেষ্টা করে। 

এ সময় শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। পুলিশ পাল্টা কাঁদুনে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে। শিক্ষার্থীরা ক্যাম্পাসসহ আশপাশের ভবন থেকে পুলিশকে লক্ষ্য করে আরও ইট-পাটকেল নিক্ষেপ করে। তখন পুলিশ সদস্যরা ছত্রভঙ্গ হয়। 

এর পরই শিক্ষার্থীরা হাতে লাঠিসোঁটা নিয়ে বরিশাল-কুয়াকাটা ও বরিশাল-ভোলা মহাসড়ক অবরোধ করে এবং সড়কের বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়ে বিক্ষোভ শুরু করে। 

শিক্ষার্থীদের মহাসড়কে অবস্থানের কিছুক্ষণ পর খয়রাবাদ সেতুর প্রান্তে আটকাপড়া র‌্যাব, পুলিশ নগরীতে আসার চেষ্টা করে। তখন শিক্ষার্থীরা তাদের বাধা দেয়। 

পরে ভুল স্বীকার করলে আন্দোলনকারী শিক্ষার্থীরা ব্যারিকেড দিয়ে তাদের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতু পর্যন্ত এগিয়ে দেয়। ওই সময় র‌্যাব-পুলিশের সদস্যদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করলে কয়েকজন আহত হন। 

শিক্ষার্থীদের অবরোধের কারণে বরিশাল-কুয়াকাটা ও বরিশাল-ভোলা মহাসড়কের তিন প্রান্তে যানবাহন আটকে পড়েছে। শিক্ষার্থীদের হাতে লাঠিসোঁটা দেখে আতঙ্কে কেউ বিশ্ববিদ্যালয়ের সামনে চলাচল করছেন না। তবে শিক্ষার্থীরা অ্যাম্বুলেন্সসহ জরুরি সেবার যানবাহন চলাচল স্বাভাবিক রেখেছে।

এদিকে নগরীর জিলা স্কুলের সামনে সড়ক অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে শিক্ষার্থীরা। নগরীতে যানবাহন চলাচল সীমিত ও দোকানপাট বন্ধ রয়েছে। 

এ ছাড়া নগরীর সিঅ্যান্ডবি রোড টিটিসির সামনে সড়কে আগুন জ্বালিয়ে অবরোধের চেষ্টা করেন মহানগর বিএনপির নেতাকর্মীরা। তখন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর অনুসারীরা ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। 

নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকা সাদিক অনুসারী সরকার দলীয় বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা শক্ত অবস্থান নেওয়ায় কোটা আন্দোলনকারীরা আসতেই পারেনি। 

এয়ার পোর্ট থানার ওসি এস এম মাসুদ আলম বলেন, নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে বাস চলাচল করছে। 

তবে নথুল্লাবাদ বাস টার্মিনালের এক পরিবহন কর্মকর্তা বলেন, “দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। তবে অভ্যন্তরীণ পথে বাস চলাচল করছে।”