২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেমালের মধ্যে চাঁদপুরে বিদ্যুতের ২৩ মিটার চুরি

জেলা করাত কল মালিক সমিতির সভাপতি বলেন, “রাতে আমার নিজের দু’টি ব্যবসাপ্রতিষ্ঠানের মিটারসহ ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন স’মিল থেকে মিটার চুরি হয়েছে।”

রেমালের মধ্যে চাঁদপুরে বিদ্যুতের ২৩ মিটার চুরি
ফাইল ছবি

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2024, 09:18 PM

Updated : 26 Aug 2026, 09:39 AM

ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবের মধ্যে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় এক রাতে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান থেকে বিদ্যুতের ২৩টি মিটার চুরি হয়েছে।

রোববার রাতে উপজেলার বাগড়া বাজার থেকে শুরু করে রায়পুরের বর্ডার বাজার পর্যন্ত বিভিন্ন স্থান থেকে করাত কল ও বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান থেকে থ্রি ফেইজের এসব মিটার চুরির ঘটনা ঘটে।

ভুক্তভোগী করাত কল ব্যবসায়ী শফিকুর রহমান বলেন, “প্রতিদিনের ন্যায় রাতে স’মিল বন্ধ করে বাড়িতে চলে যাই। সোমবার সকালে এসে দেখি, মিলের মিটারটি চুরি হয়ে গেছে। আমি প্রশাসনের কাছে এর বিচার চাই।” 

একই কথা জানিয়েছেন, আরেক করাত কল ব্যবসায়ী ইমাম হোসেন।

জেলা করাত কল মালিক সমিতির সভাপতি মো. নাছির উদ্দিন হাজী বলেন, “রোববার রাতে আমার নিজের মালিকানাধীন দু’টি ব্যবসাপ্রতিষ্ঠানের মিটারসহ ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন স’মিল থেকে মিটার চুরি হয়েছে। থ্রি ফেইজের এসব মিটার ২৫ থেকে ৩০ হাজার টাকা মূল্যের হয়ে থাকে।”

তিনি আরও বলেন, “চুরির ঘটনায় স’মিল ব্যবসায়ীদের বড় ধরনের ক্ষতি হয়েছে। আমি চাই, প্রশাসন চোরদের ধরে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুক। বিষয়টি থানার ওসিকে মৌখিকভাবে জানিয়েছি। লিখিত অভিযোগের প্রস্তুতি চলছে।”  

চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর আওতায় ফরিদগঞ্জ জোনাল অফিস। 

এই কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী মোহাম্মদ কামাল হোসেন বলেন, “বৈদ্যুতিক মিটার চুরির ঘটনাটি দুঃখজনক। এ উপজেলায় আগে কখনও বৈদ্যুতিক মিটার চুরির ঘটনা ঘটেনি।”

ফরিদগঞ্জ থানার ওসি মো. সাইদুল ইসলাম বলেন, “লিখিত অভিযোগ পেলে তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”