১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সিরাজগঞ্জে দেশীয় অস্ত্রসহ ৫ ‘ডাকাত’ গ্রেপ্তার

পুলিশ জানায়, ১৩ মার্চ কারখানায় ঢুকে শ্রমিকদের বেঁধে রেখে নগদ টাকাসহ প্রায় সাড়ে ৩৯ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় ডাকাত দল।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2025, 02:38 PM

Updated : 26 Aug 2026, 12:31 PM

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় পুরাতন ব্যাটারি গলানোর কারখানায় ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।  

সোমবার রাতে এ তথ্য জানান সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি একরামুল হোসাইন। 

গ্রেপ্তাররা হলেন- তাড়াশ উপজেলার পলাশী গ্রামের লাবু প্রামানিক (৪০), বড় পাওতা গ্রামের শামীম হোসেন (৩৪) ও সাচানদিঘী গ্রামের ইয়াকুব শাহ (২৩) এবং গাজীপুরের শ্রীপুর উপজেলার বেতজুরী গ্রামের ওয়াসিম পলান (২৩) এবং একই উপজেলার বারুতুপা গ্রামের জাহিদুল ইসলাম (২৫)। 

ওসি একরামুল বলেন, “উপজেলার হেদারখাল এলাকায় পুরাতন ইজিবাইক ও চার্জার গাড়ির ব্যাটারি গলিয়ে সীসা বের করার কারখানায় গত ১৩ মার্চ ডাকাতির ঘটনা ঘটে। ২৫ থেকে ৩০ জনের একটি ডাকাত দল কারখানায় ঢুকে শ্রমিকদের বেঁধে রেখে ৭০ হাজার নগদ টাকাসহ প্রায় ৩৯ লাখ ৫০ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় তাড়াশ থানায় ডাকাতি মামলা হয়। 

“এ ঘটনার এক মাস পর রোববার রাতে গাজীপুর থেকে দুই ডাকাত এবং সোমবার ভোরে তাড়াশ থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। এরপর তাদের দেওয়া তথ্য মতে, ডাকাতির কাজে ব্যবহৃত একটি কভার্ড ভ্যান, তিন চাইনিজ কুড়াল এবং মোবাইল ফোন উদ্ধার করা হয়।” 

একরামুল বলেন, সোমবার গ্রেপ্তাররা আদালতে জবানবন্দি দিলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নিদেশ দেন। 

বাকি আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে বলে জানান ডিবি পুলিশের এই কর্মকর্তা।