নাটোরে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত লাশ
প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে করছে পুলিশ।
নাটোরে বাগাতিপাড়া উপজেলার বাসা থেকে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বাগাতিপাড়া মডেল থানার ওসি সিরাজুল ইসলাম জানান, উপজেলার মোস্তাফিজ ভিলা ভবন থেকে বুধবার রাত সাড়ে ৮টার দিকে লাশটি উদ্ধার করে পুলিশ।
মৃত মেজবা উল জারিফ অর্ঘ (৩২) চাঁপাইনবাবগঞ্জ সদর থানা ভবন সংলগ্ন এলাকার মেজবাউল জাকেরের ছেলে।
তিনি উপজেলার বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি এর এল এল বি এর সপ্তম ব্যাচের শিক্ষার্থী।
স্থানীয়রা জানায়, বিশ্ববিদ্যালয় সংলগ্ন বাগাতিপাড়ার ওই বাসার শোয়ার ঘরের সিলিং ফ্যানে গলায় দড়ি পেঁচিয়ে আত্মহত্যা করে অর্ঘ। পরে লোকজন থানায় খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে।
ওসি সিরাজুল বলেন, “প্রাথমিকভাবে এটি আত্মহত্যা মনে হচ্ছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”
এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
