২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

পঞ্চগড় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

লেফটেন্যান্ট কর্নেল বদরুদ্দোজা বলেন, পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ ফেরত আনার প্রক্রিয়া চলছে।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2024, 01:18 PM

Updated : 26 Aug 2026, 11:03 AM

পঞ্চগড় সদর উপজেলার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

শুক্রবার ভোরে হাড়িভাসা ইউনিয়নের মোমিনপাড়া সীমান্তের বিপরীতে ভারতের শিংপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মো. বদরুদ্দোজা। 

নিহত আনোয়ার হোসেন (৪০) তেতুঁলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের দেবনগড় এলাকার রফিকুল ইসলামের ছেলে। 

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার গভীর রাতে কয়েকজন বাংলাদেশির সঙ্গে ভারতে গরু আনতে গিয়েছিলেন আনোয়ার হোসেন। শুক্রবার ভোরে গরু নিয়ে ফেরার পথে ভারতীয় সীমান্তের অভ্যন্তরে ৯৩ বিএসএফ ব্যাটালিয়নের চানাকিয়া ক্যাম্পের সদস্যরা তাদের ধাওয়া করে। 

এ সময় কয়েকটি গুলির শব্দ শোনেন স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে আনোয়ারের মরদেহ নিয়ে যায় বিএসএফ সদস্যরা।

বিজিবি কর্মকর্তা বদরুদ্দোজা জানান, গুলির শব্দ পেয়ে এবং চোরাকারবারি প্রতিহত করতে পঞ্চগড়ে ঘাগড়া বিজিবি ক্যাম্পের সদস্যরাও আটটি ফাঁকা গুলি করেন।  

লেফটেন্যান্ট কর্নেল বদরুদ্দোজা বলেন, পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ ফেরত আনার প্রক্রিয়া চলছে। ঘটনার পরে বাংলাদেশের সীমান্ত এলাকা থেকে একটি ভারতীয় গরু জব্দ করা হয়েছে।

সীমান্তের এ ঘটনায় তীব্র প্রতিবাদ জানানো হবে বলেও জানান বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক বদরুদ্দোজা।