ইলিশ ধরায় নিষেধাজ্ঞা: চাঁদপুরে ১৪ জেলের কারাদণ্ড
এক জেলেকে দুই হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুরে পদ্মা ও মেঘনা নদীতে ইলিশ শিকারের দায়ে ১৪ জেলেকে ছয় দিন করে কারাদণ্ড এবং এক জেলেকে দুই হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
এ ছাড়া সাত জেলে কিশোর হওয়ায় মুচলেকা রেখে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে কোস্ট গার্ড চাঁদপুর স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী হাকিম মো. আসাদুজ্জামান সরকার।
কারাদণ্ড পাওয়ারা হলেন- আমির হোসেন গাজী, হারুন ঢালী, মো. জাহাঙ্গীর, রিয়াদ রাঢ়ি, রমজান ব্যাপারী, হৃদয় মোল্লা, রিপন খান, মো. ফয়সাল, জনি ব্যাপারী, আল-আমীন মোল্লা, বাদশা হাওলাদার, কিরন খান, ওমর ফাটল রাঢ়ি এবং নাজমুল হাসান।
দুই হাজার টাকা জরিমানা দিয়েছেন মো. ইব্রাহিম। দণ্ড পাওয়া জেলেরা শহরের টিলাবাড়ি, বহরিয়া ও গোবিন্দিয়া গ্রামের বাসিন্দা।
চাঁদপুর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান বলেন, সোমবার রাত ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত অভয়াশ্রম এলাকায় অভিযান চালায় জেলা ও উপজেলা টাস্কফোর্স। এ সময় ইলিশ ধরা অবস্থায় ২২ জেলেকে আটকের পাশাপাশি ১০ হাজার মিটার জাল ও তিন কেজি ইলিশ জব্দ করা হয়।
পরে জব্দ করা জাল আগুনে পুড়িয়ে নষ্ট এবং ইলিশ দুস্থদের মাঝে বিতরণ করা হয় বলে জানান তিনি।
