০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

টেকনাফে পাহাড়ে ‘অপহরণকারী চক্রের প্রধান’ অস্ত্রসহ গ্রেপ্তার

পুলিশ জানায়, মোর্শেদের বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি, অপহরণসহ আটটি মামলা রয়েছে।

টেকনাফে পাহাড়ে ‘অপহরণকারী চক্রের প্রধান’ অস্ত্রসহ গ্রেপ্তার
কক্সবাজারের টেকনাফ উপজেলায় দুটি দেশীয় অস্ত্র ও গুলিসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

টেকনাফ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2024, 03:33 PM

Updated : 26 Aug 2026, 09:36 AM

কক্সবাজারের টেকনাফ উপজেলায় পাহাড় কেন্দ্রিক ‘অপহরণকারী চক্রের প্রধানকে’ গ্রেপ্তার করেছে পুলিশ; এ সময় তার কাছ থেকে দুটি দেশীয় অস্ত্র ও গুলি জব্দ করা হয়। 

সোমবার ভোরে উপজেলার বাহারছড়া ইউনিয়নের শীলখালী পাহাড়ি এলাকার তার আস্তানায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই দস্তগীর হোসাইন।

গ্রেপ্তার মোর্শেদ আলম (২৩) উপজেলার বাহারছড়া এলাকার মৃত নুরুল কবিরের ছেলে। 

এসআই দস্তগীর বলেন, ২১ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত টেকনাফের হ্নীলা, হোয়াইক্যং ইউনিয়ন থেকে ১৫ জনকে অপহরণ করা হয়। পুলিশের অভিযান চালিয়ে অপহৃতদের উদ্ধার এবং ঘটনায় সরাসরি জড়িত দুইজনকে অস্ত্রসহ গ্রেপ্তার করে। 

“পরপরই তথ্য পাওয়া যায় টেকনাফের পাহাড় কেন্দ্রিক অপহরণকারী চক্রের ১৫ জনের একটি বাহিনী রয়েছে। আর সেই বাহিনীর প্রধান মোর্শেদ। এরপর থেকে মোর্শেদকে গ্রেপ্তারে তৎপরতা শুরু করে। এর জের ধরেই পুলিশ মোর্শেদকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।”

মোর্শেদের বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি, অপহরণসহ আটটি মামলা রয়েছে বলে জানিয়েছেন এসআই দস্তগীর হোসাইন।

টেকনাফ থানার ওসি মুহাম্মদ ওসমান গনি বলেন, “বাহারছড়া এলাকার সন্ত্রাসী মোর্শেদ। যার কিছু সংখ্যক রোহিঙ্গাদের নিয়ে একটি বাহিনী রয়েছে। যারা পাহাড়ের গহীনে নানা স্থানে আস্তানা তৈরি করে অপহরণ সহ নানা অপরাধ করে আসছিল। 

“মোর্শেদকে সংশ্লিষ্ট মামলায় রিমান্ডের আবেদন করে আদালতে পাঠানো হয়েছে। রিমান্ড মঞ্জুর হলে তাকে জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য সংগ্রহ করা হবে।” 

ওসি জানান, মোর্শেদ গ্রেপ্তারের মধ্য দিয়ে পাহাড় কেন্দ্রিক অপহরণ শূন্যের কোঠায় চলছে আসবে।