স্বতন্ত্র প্রার্থীকে হুমকি: সেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে মামলার নির্দেশ ইসির
বৃহস্পতিবার নির্বাচন কমিশন মামলার নির্দেশ দিলেও বিষয়টি জানাজানি হয় শুক্রবার দুপুরে।
কুমিল্লায় স্বতন্ত্র প্রার্থীকে হুমকি দেওয়ার অভিযোগে এক স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে মামলা করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব আব্দুস সালাম স্বাক্ষরিত চিঠি থেকে এ তথ্য জানা গেছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন মামলার নির্দেশ দিলেও বিষয়টি জানাজানি হয় শুক্রবার দুপুরে।
দেবিদ্বার উপজেলা নিয়ে গঠিত এ আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের আবুল কালাম আজাদ। আর যার বিরুদ্ধে মামলার নির্দেশ দেওয়া হয়েছে তিনি হলেন, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লিটন সরকার।
ইসির চিঠিতে বলা হয়েছে, কুমিল্লা-৪ নির্বাচনি এলাকার আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রাজী মোহাম্মদ ফখরুলের সমর্থক লিটন সরকার গত ৫ ডিসেম্বর ভানী ইউনিয়ন যুবলীগ আয়োজিত আলোচনা সভায় স্বতন্ত্র প্রার্থী মো. আবুল কালাম আজাদকে হুমকি দেন। তিনি বলেন, রাজী মোহাম্মদ ফখরুলের থাবা থেকে বাঁচার ক্ষমতা কারও নেই। রাজী মোহাম্মদতো পরের বিষয় তুই আগে আমার থাবা থেকে বাঁচ, ওপেন চ্যালেঞ্জ দিলাম। কমপিটিশনতো দূরের কথা জামানতও থাকবে না। তোর ইউনিয়নে তুই আমার সামনে দাঁড়া, তুই কত বড় সেয়ান হইছত, কত বড় গুন্ডা হইছত, তুই আমার সম্মুখে কেন নৌকার বিরুদ্ধে নির্বাচন করতাছত। আমি তোর বাড়িতে গিয়ে ধরমু।
নৌকার ওই সমর্থক আচরণবিধি লঙ্ঘন করেছেন মর্মে সংশ্লিষ্ট অনুসন্ধান কমিটি নির্বাচন কমিশনে প্রতিবেদন দিয়েছে। এ অবস্থায় লিটন সরকারের বিরুদ্ধে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগ দায়ের করতে উপজেলা নির্বাচন কর্মকর্তাকে নির্দেশনা দেওয়ার বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে। সংশ্লিষ্ট রাষ্ট্রপক্ষের কৌসুলির সহযোগিতায় লিটন সরকারের বিরুদ্ধে কুমিল্লা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিয়মিত অভিযোগ দায়ের করার জন্য উপজেলা নির্বাচন কর্মকর্তাকে অনুরোধ করা হলো।
দেবিদ্বার উপজেলা নির্বাচন কর্মকর্তা ফারুক হোসেন বলেন, “আমরা চিঠি সকালে পেয়েছি। সিনিয়র কর্মকর্তার সঙ্গে কথা হয়েছে। আমরা অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছি।”
