২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় বিএনপি কর্মসূচিতে আওয়ামী লীগের হামলার অভিযোগ

আওয়ামী লীগ সমর্থকদের হামলায় বিএনপি ও অংগ সংগঠনের অন্তত ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে দলটির নেতা-কর্মীদের অভিযোগ।

মাগুরায় বিএনপি কর্মসূচিতে আওয়ামী লীগের হামলার অভিযোগ

শ্রীপুরের গোয়ালপাড়ায় একটি নসিমনে অগ্নিসংযোগ করা হয়।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2022, 11:32 PM

Updated : 29 Aug 2022, 11:32 PM

মাগুরার শ্রীপুরে বিএনপির কর্মসূচিতে আওয়ামী লীগের হামলার অভিযোগ উঠেছে।

বিএনপি নেতা-কর্মীদের অভিযোগ, সমাবেশে আসা-যাওয়ার পথে আওয়ামী লীগ সমর্থকদের হামলায় বিএনপি ও অংগ সংগঠনের অন্তত ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন।

তবে আওয়ামী লীগ হামলার অভিযোগ অস্বীকার করেছে।

শ্রীপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুন্সী রেজাউল করীম জানান, পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে তারা সোমবার সকাল ১১টায় শ্রীপুরের খামারপাড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিক্ষোভ সমাবেশের ডাক দেন।

এই সমাবেশে আসা-যাওয়ার পথে বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ ও অংগ সংগঠনের নেতাকর্মীরা তাদের নেতাকর্মীদের ওপর হামলা চালান ও গতিরোধ করেন বলে অভিযোগ করেন রেজাউল।

তিনি বলেন, এ সময় শ্রীপুর খামার পাড়া মোড়ে আওয়ামী লীগ সমর্থকরা শ্রীকোল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদকে (৩৫) কুপিয়ে জখম করে। এছাড়া হামলায় বিভিন্ন এলাকায় রাসেল মন্ডল (২৮), সাজ্জাদ (২৫), ইলিয়াস (২৫), হাবিবুর (২০), সজল (২২), মাসুদসহ (২৫) বিএনপি ও অংগ সংগঠনের অন্তত ১০ নেতাকর্মী আহত হয়েছেন।

আহতদের মধ্যে আবুল কালাম আজাদকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে তিনি জানান।

শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি বদরুল আলম হিরো বলেন, সকাল থেকেই আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন এলাকায় অবস্থান নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন। প্রতিরোধের মুখে বিএনপি খামারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে পূর্ব নির্ধারিত সমাবেশ করতে না পেরে খামারপাড়া বাজার রোডে সংক্ষিপ্ত বিক্ষোভ মিছিল শেষে বারইপাড়া গ্রামে গিয়ে সমাবেশ করেন।

অভিযোগ অস্বীকার করে শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাকোল ইউপি চেয়ারম্যান হুমাউনুর রশিদ মুহিত বলেন, বিএনপি নিজেরা বিশৃঙ্খলা সৃষ্টি করে আওয়ামী লীগের উপর দোষ দিচ্ছে।

শ্রীপুর গোয়ালপাড়া এলাকায় একটি নসিমনে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।

এদিকে, বিএনপির কর্মসূচির বিপরীতে দেশব্যাপী বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে সোমবার সকালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শ্রীপুর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।

খামারপাড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে আওয়ামী লীগের সমাবেশে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, শ্রীপুর উপজেলা সাধারণ সম্পাদক নাকোল ইউপি চেয়ারম্যান হুমাউনুর রশিদ মুহিতসহ অন্য নেতৃবৃন্দ।

সমাবেশের আগে তারা শ্রীপুর উপজেলা সদরের মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভের সামনে থেকে খামারপাড়া গোরস্থান মোড় পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন।