মোগল স্থাপত্য ‘দেওয়ানের পুল’ রক্ষা করতে চান এমপি এমরান
হেতিমগঞ্জ থেকে ঢাকা দক্ষিণগামী সড়কটি আজও দেওয়ানের সড়ক নামে পরিচিত।
সিলেটের মোগল স্থাপত্য ‘দেওয়ানের পুল’ পরিদর্শন করেছেন নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।
বৃহস্পতিবার দুপুরে প্রকৌশলীদের নিয়ে গোলাপগঞ্জ উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের দেওয়ানের সড়ক এলাকায় থাকা সেতুটি পরিদর্শন করেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য।
গোলাপগঞ্জ উপজেলা সরকারি তথ্য বাতায়নে বলা হয়েছে, “মোগল সম্রাট মুহম্মদ শাহ (১৭১৯-৪৮) এর রাজত্বকালে আনুমানিক ১৭৪০ সালে অল্পকালের জন্য সিলেটের দেওয়ান (রাজস্ব কর্মকর্তা) নিযুক্ত হয়ে মুর্শিদাবাদ থেকে আসেন গোলাব রাম (মতান্তরে গোলাব রায়)।
“দায়িত্ব গ্রহণের পরপরই এই ধর্মপ্রাণ দেওয়ান গোলাপগঞ্জের ঢাকা দক্ষিণে শ্রী চৈতন্যের পিতৃভূমি সম্পর্কে অবগত হন। তার নির্দেশে সিলেট থেকে ঢাকা দক্ষিণ পর্যন্ত সড়ক ও সেতু নির্মিত হয়।
“হেতিমগঞ্জ থেকে ঢাকা দক্ষিণগামী সড়কটি আজও দেওয়ানের সড়ক নামে পরিচিত। এ সড়কে ‘দেওয়ানের পুল’ নামে একটি প্রাচীন কালভার্ট আজও বর্তমান।
“ধারণা করা হয়, এই দেওয়ানের নামানুসারেই সুরমা নদী তীরে ‘গোলাবগঞ্জ’ নামে এক বাজার গড়ে ওঠে; যা কালক্রমে পরিবর্তিত হয়ে ‘গোলাপগঞ্জ’ নাম ধারণ করে।”
আওয়ামী লীগ সরকারের আমলে ২০২৩ সালে ঐতিহাসিক এই স্থাপনাটি ভেঙে ফেলার উদ্যোগ নেয় স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর। কিছুটা ভাঙাও হয়। পরে পরিবেশবাদীদের দাবির মুখে ভাঙার কাজ বন্ধ রাখা হয়।
অপরিকল্পিতভাবে ‘দেওয়ানের পুল’ অর্ধেক ভাঙার ফলে তিন বছর ধরে দুর্ভোগে রয়েছেন দুই পারের কয়েক হাজার মানুষ। গোলাপগঞ্জ-বিয়ানীবাজার ও বড়লেখা উপজেলার মানুষজন এই লিংক রোড দিয়ে সহজেই বিভাগীয় শহর সিলেটে যাতায়াত করতেন। কিন্তু তিন বছর ধরে তারা রয়েছেন চরম ভোগান্তিতে।
এসব মানুষের দুর্ভোগ লাঘবে সেতুটি সচল করার লক্ষ্যে পরিদর্শন করেছেন বলে জানান এমরান আহমদ চৌধুরী। তিনি বলেন, “আমরা আজ সংশ্লিষ্টদের সঙ্গে কবে কাজ শুরু করা যায় এ নিয়ে আলাপ করেছি। আমরা ‘দেওয়ানের পুল’-কে আর ক্ষতিগ্রস্ত না করে পাশেই একটি বক্স কালভার্ট করতে চাই। তবে এটি এমনভাবে করা হবে, যাতে পানির প্রবাহ ঠিক থাকে। পাশাপাশি ‘দেওয়ানের পুল’-কে সংস্কার করে সেটি পর্যটনকেন্দ্রের মত করে রাখা হবে, দর্শনার্থীরা যাতে এখানে এসে উপভোগ করেন। এ ছাড়া বক্স কালভার্ট হওয়ার আগ পর্যন্ত ‘দেওয়ানের পুল’-কে সংস্কার করে এর উপর দিয়ে হালকা যানবাহন চলাচল স্বাভাবিক রাখা হবে।”
সংসদ সদস্য বলেন, “এখানের লিংক রোডও বড় করতে হবে। এর জন্য জমি দিয়ে সহযোগিতা করতে হবে। আশা করি, স্থানীয়রা এ বিষয়ে এগিয়ে আসবেন।”
গোলাপগঞ্জ উপজেলা প্রকৌশলী কামরুল ইসলাম বলেন, “ঈদের আগেই সংশ্লিষ্ট দপ্তরে প্রস্তাবনা যাবে এবং প্রকল্প অনুমোদন হবে। ঈদের পর পরই টেন্ডার প্রক্রিয়া শেষে কাজ শুরু হবে এবং এর দুমাসের মধ্যে শেষ করা হবে।”
‘দেওয়ানের পুল’ পরিদর্শনকালে লক্ষ্মীপাশা ইউনিয়ন পরিষদের সদস্য জামিল আহমদ, আব্দুল আহাদ, দিলাল আহমদ, জালাল আহমদ, আব্দুল করিম মানিক, ঈসমাইল হোসেন, ইউনিয়ন বিএনপির সহসভাপতি তারেক আহমদ, সহসাধারণ সম্পাদক কামাল আহমেদ, জেলা যুবদলের সদস্য লায়েক আহমদ ও মনছুর আহমদ, গোলাপগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নিজামুল কাদির লিপন ও লায়েছ আহমদ, যুবদল নেতা মোহন আহমদ ও কামিল আহমদ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:
