জামালপুরে ‘গাছে বেঁধে গৃহবধূকে নির্যাতন’, এক নারী আটক
তিন জা ও স্বামী সোমবার দুপুরে গাছের সঙ্গে বেঁধে এই গৃহবধূকে নির্যাতন করেন বলে অভিযোগ।
জামালপুরের বকশীগঞ্জে এক গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় তার এক জাকে পুলিশ আটক করেছে।
সোমবার দুপুরে বকশীগঞ্জ সদর ইউনিয়নের মালিরচর জিগাতলা গ্রামে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
ঘটনার পর ওই নারীর স্বামী ও ভাসুর পালিয়ে গেছেন।
দেওয়ানগঞ্জের ঝাউডাঙ্গা গ্রামের এই গৃহবধূর মা সাংবাদিকদের বলেন, ১২ বছর আগে তার মেয়ের সঙ্গে সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেন আলমাছের ছোটভাই আসাদুল হকের বিয়ে হয়। বিয়ের ৩ বছর পর আসাদুল সৌদি আরব চলে যান। কিছুদিন আগে দেশে ফিরে যৌতুকের জন্য স্ত্রী মাহামুদাকে নির্যাতন করতে থাকেন।
গত মাসে আসাদুল স্ত্রীকে বাবার বাড়ি রেখে আসেন জানিয়ে তার মা আরও বলেন, সোমবার দুপুরে মেয়ে স্বামীর বাড়ি গেলে তার তিন জা ও স্বামী মিলে গরুর বাঁধার রশি দিয়ে গাছের সঙ্গে বাঁধেন।
“এরপর একটানা নির্যাতন করতে থাকলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার এবং বড় জা শীলা বেগমকে আটক করে।”
এ সময় বাড়ির অন্যরা পালিয়ে যান বলে তিনি জানান।
গৃহবধূর মা আরও অভিযোগ করেন, তার জামাইকে বিদেশ যাওয়ার জন্য ৫ লাখ টাকা যৌতুক দেওয়া হয়। বিদেশ গিয়ে তিনি ভাই-ভাবিদের নামে টাকা পাঠাতেন। দেশে এলে এসব নিয়ে কথা বলায় তার মেয়েকে নির্যাতন শুরু করেন।
অভিযোগ অস্বীকার করে গৃহবধূর ভাসুর ও বকশীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলমগীর কবির আলমাছ বলেন, “ছোটভাই তার স্ত্রীকে আগেই তালাক দিয়েছে। সে বাড়িতে এসে আত্মহত্যার চেষ্টা করায় নিবৃত্ত করতেই গাছের সাথে বাঁধা হয়েছিল।”
বকশীগঞ্জ থানার ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ‘নির্যাতিতা’ গহবধূকে উদ্ধার ও ঘটনার সঙ্গে জড়িত একজনকে আটক করেছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
