২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শীতে কাবু কুড়িগ্রামে হাসপাতালে ভিড়

অতিরিক্ত চাহিদার সুযোগে ব্যবসায়ীরা শীত পোশাকের দাম বাড়িয়েছেন দ্বিগুণ।

শীতে কাবু কুড়িগ্রামে হাসপাতালে ভিড়

সদর উপজেলার শিবরাম গ্রামে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন কয়েকজন নারী।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2023, 08:38 PM

Updated : 05 Jan 2023, 09:10 PM

ঘন কুয়াশার সঙ্গে হিমেল বাতাসে কুড়িগ্রামে বেড়েছে শীতের তীব্রতা। একইসঙ্গে হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যা, যাদের মধ্যে অধিকাংশই শিশু। 

গত ২৪ ঘণ্টায় জেলার নয়টি সরকারি হাসপাতালে ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে ৭২ শিশু। 

কুড়িগ্রাম সিভিল সার্জনের কার্যালয়ের কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত আখের আলী জানান, শীতের কারণে জেলা আটটি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সগুলোয়  বৃহস্পতিবার নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে ১২ শিশু। এ ছাড়া ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি ৩১ জনের মধ্যে ২২ জনই শিশু। 

কুড়িগ্রাম ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার শাহিনুর রহমান শিপন জানান, বৃহস্পতিবার হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে ভর্তি হওয়া ৪০ জনের মধ্যে ৩৮ জনই শিশু। 

তিনি জানান, তীব্র শীতের কারণে হাসপাতালের শীতজনিত রোগীর সংখ্যা বেড়েছে। বৃহস্পতিবার এ হাসপাতালের আউটডোরে চিকিৎসা নিয়েছেন ৮৮০ জন। আর হাসপাতালে ভর্তি আছেন ৩৪৮ জন।এর মধ্যে শ্বাসজনিত উপসর্গ নিয়ে ভর্তি আছেন ৭৭ জন। 

এদিকে রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা তুহিন আলী জানান, গত কয়েকদিন ধরে কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের আশে পাশেই থাকছে। বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াস। 

ঘন কুয়াশার কারণে দুপুর ১২টা পর্যন্ত সূর্যের মুখ দেখা যাচ্ছে না। বিকেল থেকে ঠাণ্ডা নামছে, রাতে তা অসহনীয় হয়ে যাচ্ছে। মূলত কুয়াশার সাথে হিমেল বাতাস থাকায় ঠাণ্ডার মাত্রা বেড়েছে কয়েকগুণ। 

বৃহস্পতিবার সরেজমিন কুড়িগ্রাম সদর উপজেলার শিবরাম গ্রাম ও হলোখানা ইউনিয়নের সন্ন্যাসী গ্রামে ঘুরে দেখা গেছে, প্রয়োজনীয় শীতবস্ত্র না থাকায় রাতের বেলা হাড় কাঁপানো শীতে কাবু হয়ে যাচ্ছেন অনেকেই। স্থানে স্থানে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে সাধারণ মানুষ। 

Image

বৃহস্পতিবার বিকালে নছরউদ্দিন মার্কেটে শীতপোশাক ক্রেতাদের ভিড়।

এ গ্রামের বাসিন্দা জরিনা বেওয়া বলেন, “ল্যাপ তোশক কোটে পাই।  হামার কপালোত খ্যাতাও জোটে না। যদি কাইয়ো সাহায্য করিল হয়। আল্লাহ তার ভাল করিল হয়। হামরা অনেক দোয়া দিলোং হয়। কিন্তু কপাল খারাপ। চেয়ারম্যান-মেম্বার কাইয়ো খোঁজখবর নেয় না হামার।” 

শীতে দিনমজুর, ছিন্নমূল ও হতদরিদ্ররা পড়েছেন ভীষণ কষ্টে। শ্রমজীবী নারী-পুরুষদের অনেকেই প্রচণ্ড ঠাণ্ডার কারণে ক্ষেতে কাজ করতে পারছে না। সকাল পেরিয়ে কাজে ধরলে গৃহস্থরা কাজে নেন না। 

গ্রামের বাসিন্দা আজগার আলী জানান, অসুস্থতার কারণে গত কয়েকদিন থেকে কাজে যেতে পারেননি।তাছাড়া প্রয়োজনীয় শীতের কাপড়ও নেই, কেনার সামর্থ্যও নেই। তাই পরিবারের পাঁচ সদস্য নিয়ে চরম কষ্টে আছেন। 

তিনি জানান, কেউ আগুন জ্বালালে সেখানেই বসে পড়েন ঊষ্ণতা নিতে। ধোয়া উপেক্ষা করে ঘণ্টা পর ঘণ্টা বসে থাকেন।  

এই গ্রামের দিনমজুর নুরবানু বেগম ও নাজিনা বেগম জানান, কষ্ট হলেও পেটের দায়ে তীব্র শীত উপেক্ষা করে অনেক সময় কাজ করতে হয়। তবে ঠাণ্ডায় কাজ করতে গিয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়ছে বলে জানান তারা। 

এদিকে মানুষের পাশাপাশি ঠাণ্ডায় কাঁপছে গবাদি পশুও, আক্রান্ত হচ্ছে নানা রোগব্যাধিতে। 

হলোখানা ইউনিয়নের সন্ন্যাসী গ্রামের বাসিন্দা মর্জিনা বেগম জানান, বর্তমানে গবাদিপশুর ঘাস সংকট দেখা দিয়েছে। তার উপর প্রচণ্ড শীতে ভীষণ কষ্ট যাচ্ছে গৃহপালিত পশুপাখি। 

Image

হলোখানা ইউনিয়নের সন্ন্যাসী গ্রামে গবাদি পশুকে পরানো হয়েছে চটের বস্তা।

এ ছাড়া জেলায় ঘন কুয়াশার কারণে ট্রেন ও নৈশ কোচের শিডিউল বিভ্রাট ঘটছে প্রতিদিন। কুড়িগ্রাম থেকে ঢাকা চলাচল করা কুড়িগ্রাম এক্সপ্রেস ও রংপুর এক্সপ্রেস ট্রেন দুটি চার-পাঁচ ঘণ্টা দেরিতে আসা যাওয়া করছে। নৈশকোচগুলিও দুই-তিন ঘণ্টা বিলম্বে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে। 

এদিকে কুড়িগ্রামে কনকনে ঠাণ্ডা আর হিমেল হাওয়ায় জুবুথুবু অবস্থায় হঠাৎ দাম বেড়ে যাওয়ায় শীত বস্ত্র সংগ্রহ করতে পারছে না অল্প আয়ের মানুষজন। 

কুড়িগ্রাম শহরের পুরাতন কাপড়ের বড় বাজার নছরউদ্দিন মার্কেটে ভিড় করছেন মানুষ। সাধ্যমত শীতবস্ত্র কিনতে বেড়েছে মানুষের উপস্থিতি।শিশুদের পোশাকেরই চাহিদা বেশি। 

এই সুযোগে ব্যবসায়ীরা দাম বাড়িয়েছে দ্বিগুণ। ব্যবসায়ীদের সাফজবাব পাইকারি বাজারে ‘কাপড়ের গাইড প্রতি ফিফটি পার্সেন্ট দাম বাড়িয়েছে’ তাই তারা নিরুপায়। 

কুড়িগ্রাম জেলা ত্রাণ কর্মকর্তা আব্দুল হাই সরকার জানান, জেলায় হতদরিদ্রদের মাঝে এ পর্যন্ত ৩৮ হাজার কম্বল বিতরণ করা হয়েছে। নতুন করে আর শীতবস্ত্র বরাদ্দ পাওয়া যায়নি।