‘হাতাহাতি করবা তোমরা, ভোট করে দেব আমি, মামার বাড়ির আবদার’
বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সংবাদ সম্মেলনে রাকসু নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
রাকসু ভোটে প্রথম বর্ষের শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির আন্দোলনকে কেন্দ্র করে ছাত্রদল, সাবেক সমন্বয়ক ও ছাত্রশিবিরের মধ্যে ধস্তাধস্তির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব।
তিনি বলেছেন, “তোমরা তালা দিবা, তোমরা হাতাহাতি করবা, আর তোমাদের ইলেকশন আমাকে করে দিতে হবে। মামার বাড়ির আবদার!”
বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক সংবাদ সম্মেলনে আসন্ন রাকসু নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের যেকোনো পরিস্থিতি রাকসু নির্বাচনের ওপর প্রভাব ফেলতে পারে। তাই সবার দায়িত্বশীল আচরণ প্রয়োজন। নির্বাচনকেন্দ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়েও তিনি কথা বলেন।
এর আগে রোববার প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটাধিকার নিশ্চিত করার দাবিতে রাকসু কোষাধ্যক্ষের কার্যালয় ঘেরাও, ভাঙচুর ও তালাবদ্ধ করেন ছাত্রদল কর্মীরা। পরে ছাত্রশিবির, সাবেক সমন্বয়ক ও সাধারণ শিক্ষার্থীরা সেখানে গেলে ধস্তাধস্তির ঘটনা ঘটে।
দুপুর পৌনে ২টার দিকে শিক্ষার্থীরা তালা ভেঙে কার্যালয়ে প্রবেশ করলে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়। মুখোমুখি ধস্তাধস্তির ওই ঘটনায় উভয় পক্ষের অন্তত আটজন আহত হন।
চার ঘণ্টা বন্ধ থাকার পর বেলা ২টার দিকে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়। পরে মনোনয়নপত্র বিতরণের সময় এক দিন বাড়ানো হয়।
উপাচার্য রাকসুর নির্বাচন কমিশনারসহ অন্যদের প্রশংসা করে বলেন, “আমি আমার নির্বাচন কমিশনের প্রশংসা করছি। ওই দিন যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল এবং তাদের সম্পর্কে যে কথাবার্তা এসেছিল, যে ভাষায় স্লোগান দেওয়া হচ্ছিল, যারা আছেন তাদের প্রশংসা করি। তারা প্রত্যেকে উচ্চ নৈতিকতার মানুষ এবং অসম্ভব আত্মসম্মানবোধ আছে তাদের। শুধু বিশ্ববিদ্যালয় ও ছাত্রছাত্রীদের কথা ভেবে ওনারা দায়িত্ব ছেড়ে দেননি।”
তিনি বলেন, “যদি ছাত্রসুলভ আচরণ, নিয়মকানুনের ভেতরে তোমরা থাকতে না পারো, তোমরা নিজেদের রাকসুর অযোগ্য বলে প্রমাণ করছো। ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটলে আচরণবিধিতে যা কিছু আছে, আমরা সেটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব।”
আরও পড়ুন:
