‘খাবার সঙ্কটে মানুষের মুখোমুখি হচ্ছে বন্যহাতি’
প্রায় ৪৬টি বন্যহাতি কাপ্তাই বনাঞ্চল এলাকায় বিচরণ করে।
নানা আয়োজনের মধ্য দিয়ে রাঙামাটি ও শেরপুরে ‘বিশ্ব হাতি দিবস’ উদযাপিত হয়েছে। এসব অনুষ্ঠান থেকে সবাইকে বন্য হাতির সুরক্ষায় সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের উদ্যোগে আলোচনা সভা হয়। শুক্রবার সকালে কাপ্তাইয়ের বালুরচর এলাকার প্রশান্তি পার্কে আয়োজিত এই সভায় বক্তারা বন্যহাতি রক্ষায় নানা পদক্ষেপের কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ছালেহ মো. শোয়াইব খানের বলেন, পাহাড়ে প্রাকৃতিক খাবার, ঝিরি-ঝরনা শুকিয়ে যাওয়ায় বন্য হাতির খাবার ও পানির সঙ্কট দেখা দেয়। খাবার সঙ্কটের ফলে মানুষেরও মুখোমুখি হচ্ছে বন্যহাতি।
কাপ্তাই বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদের সঞ্চালনায় আরও বক্তব্য দেন রাঙামাটির বিভাগীয় বন কর্মকর্তা (অশ্রেণীভুক্ত বনাঞ্চল বনীকরণ বিভাগ) আ. ন. ম আব্দুল ওয়াদুদ, কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী মো. আব্দুল লতিফ।
বিভাগীয় বন কর্মকর্তা আ. ন. ম আব্দুল ওয়াদুদ বলেন, বন্যহাতি আমাদের জাতীয় সম্পদ। বয়স্ক ও বাচ্চাসহ আনুমানিক ৪৬টি বন্যহাতি কাপ্তাই বনাঞ্চল এলাকায় বিচরণ করে। এসব বন্যহাতির প্রতি আক্রমণাত্মক না হয়ে তাদের সুরক্ষায় সকলকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
সভায় বক্তারা বলেন, রাঙামাটির কাপ্তাইয়ে দুর্গম অঞ্চলে বন্যহাতির বিচরণ রয়েছে। পাহাড়ে প্রাকৃতিকভাবে উৎপাদিত খাবারের ওপর নির্ভরশীল এসব হাতি খাবারের সন্ধানে এক পাহাড় থেকে অন্য পাহাড়ে ঘুরে বেড়ায়। বনে খাবারের অভাব এবং হাতির আবাসস্থল ধ্বংসের কারণে হাতি প্রায়শ লোকালয়ে ঢুকে পড়ছে।
এই সমস্যা সমাধানে এরই মধ্যে সোলার ফেন্সিং সিস্টেম বসানো হয়েছে বলে জানায় বনবিভাগ।
আলোচনা সভার আগে বিশ্ব হাতি দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।
এদিকে ‘যদি থাকে হাতির বিহার, রক্ষা পাবে গারো পাহাড়’-এমন স্লোগানে শেরপুরে সচেতনতামূলক শোভাযাত্রা করেছে প্রকৃতিপ্রেমী ও পরিবেশবাদীরা।
নবগঠিত প্রকৃতি ও জীবন ক্লাব এবং বার্ড কনজারভেশন সোসাইটি শেরপুর জেলা কমিটির যৌথ উদ্যোগে শহরের নিউমার্কেট চত্বর থেকে শোভাযাত্রা শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে নিউমার্কেটে সাংবাদিক বিপ্লবী রবি নিয়োগী সভাকক্ষ প্রাঙ্গণে পথসভায় বক্তব্য দেন প্রকৃতি ও জীবন ক্লাব শেরপুর জেলা কমিটির উপদেষ্টা কমিটির সদস্য ফকির শহীদুজ্জামান শহীদ।
এ সময় ক্লাবের সমন্বয়কারী হাকিম বাবুল, উপদেষ্টা কমিটির সদস্য জনউদ্যোগ আহ্বায়ক আবুল কালাম আজাদ, এস এম আবু হান্নান, কার্যকরী কমিটির সভাপতি মো. আব্দুল কাদির, সাধারণ সম্পাদক জ্যোতি পোদ্দার, সাংগঠনিক সম্পাদক শরণ রায়, বার্ড কনজারভেশন সোসাইটির সভাপতি সুজয় মালাকার, সদস্য মিঠুন কোচ, লিটন চন্দ্র সাহা, শাহরিয়ার মিশুক, শেরপুর সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক শাহরিয়ার সুলতানা শুভ্রা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান থেকে গারো পাহাড়ের বন্যহাতি সুরক্ষায় হাতির করিডোর, চলাচলের পথ ও আবাসস্থল সংরক্ষণ, বনে হাতির খাবার উপযোগী বনায়ন এবং শেরপুরের সীমান্ত জনপদের পাহাড়ি অঞ্চলে বন্যহাতি সুরক্ষায় হাতির অভয়ারণ্য সৃষ্টির দাবি জানানো হয়।
এদিকে, বিশ্ব হাতি দিবস উপলক্ষে বন বিভাগ এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের উদ্যোগে নালিতাবাড়ীর মধুটিলা ইকোপার্ক ও শ্রীবরদীর বালিজুড়ি রেঞ্জ কার্যালয় এলাকায় সচেতনতামুলক শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে সরকারি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী, এলিফেন্ট রেসপন্স টিমের সদস্য ও স্থানীয় অধিবাসীরা অংশগ্রহণ করেন।
