শিশুর ‘গায়ের রংয়ের কারণে’ মাকে তালাক! নেপথ্যে কী
“মেয়ের গায়ের রংয়ের কারণে তালাকের ঘটনা ঘটেনি। এটি হয়েছে পারিবারিক অন্যান্য কারণে।”
যশোরে সন্তানের গায়ের ‘অতিরিক্ত শ্বেত’ রংয়ের কারণে মাকে তালাক দেওয়ার অভিযোগের একটি ভিডিও ছড়ানোর পর পুলিশ দুটি পরিবারকে ডেকেছে।
এ নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যে বুধবার ১৯ নভেম্বর দুই পক্ষকে সদর উপজেলার রামনগর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ডাকার তথ্য দেন জেলা পুলিশ সুপার রওনক জাহান।
স্থানীয়রা বলেন, বছর খানেক আগে এ দম্পতির তালাক হয়েছিল। ২০২০ সালে বিয়ে করেছিলেন রামনগর ইউনিয়নের বাজুয়াডাঙ্গা গ্রামের মনিরা বেগম ও মোজাফফর হোসেন। মোজাফফরের বাড়ি একই উপজেলার ফতেপুর ইউনিয়নের চানপাড়া গ্রামে।
এক বছর পর তাদের সংসারে এক কন্যাশিশুর জন্ম হয়। শিশুটি জন্মের সময় থেকেই দেখতে ‘অতিরিক্ত শ্বেত’ বর্ণের বা অ্যালবিনিজম আক্রান্তের মত, বলছেন স্থানীয়রা।
শিশুটি তার মায়ের সঙ্গে বাবার বাড়িতেই বেড়ে ওঠে। জন্মের প্রায় দুই বছর পর মোজাফফর ও মনিরা বেগমের মধ্যে পারিবারিক সমঝোতার মাধ্যমে বিচ্ছেদ হয়।
তখন মনিরা শিশু সন্তানকে নিয়ে তার বাবার বাড়ি চলে যান। বিবাহ বিচ্ছেদের ব্যাপারে কোনো আইনি পদক্ষেপ নেননি মনিরা। এর মধ্যে মোজাফফর হোসেন সৌদি আরব চলে যান। এখনও তিনি সেখানেই আছেন।
মনিরা সম্প্রতি একজন কনটেন্ট ক্রিয়েটরের কাছে সাক্ষাৎকার দেন। সেখানে তিনি অভিযোগ করেন, সন্তানের গায়ের রংয়ের কারণে স্বামী সন্দেহ প্রকাশ করেন। স্বামীর পরিবার থেকে বলা হয়, এই মেয়ে বিয়ে দিতে অনেক খরচ হবে। এসব নিয়ে ঝামেলার একপর্যায়ে তাকে তালাক দেওয়া হয়।
সেই ভিডিও ছড়ানোর পর আবারও বিষয়টি আলোচনায় আসে। দুই পরিবারের পাশাপাশি বিষয়টি প্রশাসন ও পুলিশের নজরেও আসে।
তখন জেলা প্রশাসক আজাহারুল ইসলামের নির্দেশে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) মনিরা খাতুনের বাড়িতে পাঠান। ইউএনও উদ্যোগ নিয়ে মনিরা ও মোজাফফরের পরিবারের সঙ্গে কথা বলেন এবং দুই পরিবারকে নিয়ে সোমবার বসার দিন ঠিক করেন।
পাশাপাশি সন্দেহের বিষয়টি সামনে আসায় পুলিশের পক্ষ থেকে ডিএনএ টেস্টের কথাও ভাবা হচ্ছে।
এ বিষয়ে মোজাফফর হোসেনের বড় ভাই আবু বক্কার বলেন, “মেয়ের গায়ের রংয়ের কারণে তালাকের ঘটনা ঘটেনি। এটি হয়েছে পারিবারিক অন্যান্য কারণে।”
তার দাবি, “মনিরার দেরি করে ঘুম থেকে ওঠা, যৌথ পরিবারের সংসারে কাজ করতে অনীহা, মেয়ের কাঁথা-কাপড় ধোয়া নিয়ে শাশুড়ির সঙ্গে গোলযোগ- ইত্যাদি ঘটনা ঘটেছিল। তখন একপর্যায়ে মনিরা শিশু সন্তানকে নিয়ে তার মামার বাড়িতে গিয়ে ওঠে। একপর্যায়ে মামার মধ্যস্থতায় ২০২৪ সালে দুই পরিবারের সম্মতিতে তাদের তালাক হয়।”
সম্প্রতি যে ভিডিও ছড়িয়েছে, সেটির বিষয়ে অবগত থাকার কথা তুলে ধরে তিনি বলেন, “এখন এসে আমরা শুনতে পারছি, মেয়ের গায়ের রংয়ের কারণে নাকি তালাক হয়েছে। এটা ঠিক নয়। বরং মেয়েকে আমরা নিজেদের কাছেই রাখতে বলেছিলাম।”
আবু বক্কার প্রশ্ন করেন, “যদি এমন ঘটনাই হবে, তাহলে মনিরা খাতুন কেন তখন আইনি পদক্ষেপ নেননি?”
এ ব্যাপারে মনিরা খাতুন বলেন, তিনি ভেবেছিলেন আইনি লড়াইয়ে গেলে হয়ত তার আর স্বামীর সঙ্গে মিল হবে না। আর মামলা করার ক্ষেত্রে তার পক্ষে তখন সহায়তার কেউ ছিল না। তাই তিনি সে সময় মামলা করেননি।
জেলা পুলিশ সুপার রওনক জাহান বলেন, “যে কোনো কারণেই মা-বাবার তালাক হতে পারে। কিন্তু সন্তান কেন তার শিকার হবে? এ কারণে ঘটনাটি নজরে আসার পর আমরা আইনি সহায়তার উদ্যোগ নিয়েছি।
“মনিরা খাতুনকে থানায় আসতে বলা হয়েছে। তিনি সাধারণ ডায়েরি বা অভিযোগ করলে আমরা তদন্ত করব। প্রয়োজনে আদালতে অনুরোধ জানাব শিশুটির ডিএনএ টেস্ট করার জন্য।”
