১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

পচা দুর্গন্ধ পেয়ে বাড়ির তালা ভেঙে ভাই-বোনের লাশ উদ্ধার

নওগাঁর পোরশায় এক বাড়িতে সহোদর ভাই-বোন বসবাস করতেন বলে জানায় পুলিশ।

পচা দুর্গন্ধ পেয়ে বাড়ির তালা ভেঙে ভাই-বোনের লাশ উদ্ধার
নওগাঁর পোরশা থানা।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2025, 04:33 PM

Updated : 26 Aug 2026, 12:27 PM

নওগাঁর পোরশা উপজেলায় পচা দুর্গন্ধ পেয়ে এক বাড়ির তালা ভেঙে সহোদর ভাই ও বোনের গলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকালে উপজেলার তেতুলিয়া ইউনিয়নের পূর্ববাড়ি গ্রামে নিজ বাড়ি থেকে লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান পোরশা থানার এসআই মাহবুব আলম।

নিহতরা হলেন- ওই গ্রামের তোফাজ্জ্বল হোসেনের ছেলে নুর মোহাম্মদ (৫৬) এবং মেয়ে রেজিয়া খাতুন (৫৭)। তাৎক্ষণিকভাবে তাদের মৃত্যুর কারণ জানাতে পারেনি পুলিশ।

এসআই মাহবুব আলম জানান, ওই বাড়িতে দীর্ঘদিন ধরে নুর মোহাম্মদ ও রেজিয়া খাতুন বসবাস করে আসছিলেন। শুক্রবার রাতের পর থেকে তাদের কেউ দেখতে পায়নি। রোববার রাতে ওই বাড়ি থেকে পচা দুর্গন্ধ পেয়ে গ্রামবাসী থানায় খবর দেন। 

পরে সকালে ঘটনাস্থলে গিয়ে বাড়ির প্রধান দরজায় লাগানো তালা ভেঙে পাশাপাশি ঘর থেকে অর্ধগলিত অবস্থায় ভাই ও বোনের লাশ উদ্ধার করা হয় বলে জানান তিনি।

তিনি বলেন, “ভাই ও বোনের মৃত্যুর সঠিক কারন এখনো জানা যায়নি। তাদেরকে হত্যা করা হয়েছে, না-কি ভিন্ন কারণে তাদের মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।”

এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান এস আই মাহবুব আলম।