চুয়াডাঙ্গায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা
হত্যার সঙ্গে জড়িতদের চিহ্নিত করা হয়েছে, তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান পুলিশ সুপার।
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলা শহরের মাঠপাড়ায় এ ঘটনা ঘটে বলে জেলা পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন জানান।
নিহত ইমরান হোসেন (২৭) পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি গোবিন্দপুর গ্রামের জুড়ন আলীর ছেলে। তিনি পেশায় ইলেক্ট্রিশিয়ান ছিলেন।
পুলিশ সুপার বলেন, “সকাল ১১টার দিকে পেশাগত কাজের প্রয়োজনে ইমরান শহরের মাঠপাড়ায় যান। সেখানে হঠাৎ দুজন এসে তার পেটে ও তলপেটে ছুরিকাঘাত করে ফেলে রেখে পালিয়ে যায়।”
গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে আলমডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইমরান।
পুলিশ সুপার আরও জানান, হত্যার সঙ্গে জড়িতদের চিহ্নিত করা হয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
