চাঁদপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে গেল ছাত্রদল নেতার প্রাণ
আহত তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
চাঁদপুরে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে কচুয়া উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও তিনজন।
সোমবার সকালে কচুয়া উপজেলার ঘাগড়া বাজার নতুনপাড়া জামে মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে বলে কচুয়া থানার ওসি ইব্রাহিম খলিল জানান।
ছাত্রদল নেতা নিহত ওমর ফারুক (৩৫) উপজেলার তেঘরিয়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
আহতরা হলেন- উপজেলার রাগদৈল গ্রামের আবু তাহের (৬০), তার স্ত্রী জাবিন খান ও কলাকোপা গ্রামের জোহর আলীর ছেলে নবীর (৩০)।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, ওই এলাকায় ঢাকাগামী আল-আরাফা পরিবহনের বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় সিএনজিচালিত অটোরিকশার। এতে অটোতে থাকা চার জন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ওমর ফারুককে মৃত ঘোষণা করেন।
ওসি ইব্রাহিম খলিল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসটি জব্দ করে। নিহতের মরদেহ পুলিশ হেফাজতে আছে।
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ০২ অক্টোবর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]
