ময়মনসিংহে রায়হান হত্যায় পিতা-পুত্রের যাবজ্জীবন
হত্যার প্রায় ১০ বছর পর এই মামলার রায় হলো।
ময়মনসিংহের মুক্তাগাছার আবু রায়হান হত্যা মামলায় বাবা ও ছেলের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী সঞ্জীব সরকার জানান, মঙ্গলবার ময়মনসিংহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ রাশেদ তালুকদার এ রায় দেন।
রায়ে প্রত্যেককে ৩০ হাজার টাকা জরিমানাও করা হয়, যা অনাদায়ে আরও তিন মাস কারাভোগ করতে হবে।
দণ্ডিতরা হলেন মুক্তাগাছা উপজেলার কাসেমপুরের হরিপুর গ্রামের কেরামত আলীর ছেলে দুলাল মিয়া (৫৮) ও দুলাল মিয়ার ছেলে তানভীর আহমেদ ফরহাদ (৩০)।
রায় ঘোষণার সময় আদালতে আসামি দুলাল মিয়া উপস্থিত থাকলেও তানভীর আহমেদ ফরহাদ পলাতক রয়েছেন।
মামলার নথি থেকে জানা যায়, হরিপুর গ্রামের দুলাল মিয়া ও ফয়জুর রহমানের সঙ্গে জমির সীমানা নিয়ে বিরোধ ছিল। ২০১৩ সালের ২৪ জানুয়ারি বিকালে জমির আইল নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে আসামিরা দেশীয় অস্ত্র দিয়ে ফয়জুর রহমানকে আঘাত করেন।
ফয়জুর রহমানের ডাক চিৎকারে পরিবারের লোকজনসহ স্থানীয়রা ছুটে যায়। এ সময়ে ফয়জুর রহমানের ছেলে আবু রায়হানকে দা দিয়ে আঘাত করে প্রতিপক্ষরা।
রক্তাক্ত অবস্থায় রায়হানকে উদ্ধার করে প্রথমে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান।
রাষ্ট্রপক্ষের আইনজীবী সঞ্জীব সরকার জানান, পরদিন নিহতের বাবা ফয়জুর রহমান বাদী হয়ে চার জনের নামে মুক্তাগাছা থানায় মামলা করেন।
