ইভিএমে টাইমার জটিলতা: লালমাইয়ে ভোট শুরু হতে বিলম্ব
উপজেলা পরিষদের অস্থায়ী কার্যালয়ের চারতলার একটি কক্ষে ভোটগ্রহণ চলছে।
ইলেকট্রনিক ভোটিং মেশিনের ‘টাইমার’ জটিলতায় কুমিল্লার লালমাই উপজেলায় জেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ কয়েক মিনিট দেরিতে শুরু হয়েছে।
ইভিএম মেশিনে সময় নির্ধারণ করা থাকায় এই জটিলতার সৃষ্টি হয়েছে বলে প্রিজাইডিং কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তা মো. জোনায়েদ কবির খান জানিয়েছেন।
জেলা পরিষদের নতুন জনপ্রতিনিধি বেছে নিতে সোমবার ইভিএমে ভোট চলছে দেশের ৫৭ জেলায়। কুমিল্লাতেও সকাল ৯টা থেকে ভোট শুরু হয়, চলবে বেলা ২টা পর্যন্ত।
লাইমাই উপজেলায় ভোটার মোট ১১৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯০ জন ও নারী ভোটার ২৮ জন। জেলার অন্যসব কেন্দ্রে নির্ধারিত সময়ে ভোট শুরু হলেও লালমাই উপজেলা পরিষদের অস্থায়ী কার্যালয়ে বসানো ভোট কক্ষে ভোটগ্রহণ শুরু হয় সামান্য দেরিতে।
প্রিজাইডিং কর্মকর্তা বলেন, “আমাদের এখানে দুটি ইভিএমের মাধ্যমে দুটি বুথে ভোটগ্রহণ হচ্ছে। নির্বাচন কমিশন থেকে ইভিএমে ভোটগ্রহণ শুরুর সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে। এর মধ্যে একটি ইভিএমে ৬ মিনিট ৬ সেকেন্ড এবং আরেকটি ইভিএমে ৬ মিনিট ১০ সেকেন্ড সময় পেছানো ছিল। এ কারণে আমরা চাইলেও ৯টায় ভোটগ্রহণ শুরু করতে পারিনি।”
তবে যতটা দেরিতে ভোট শুরু হয়েছে, তত মিনিট পরেই ভোট শেষ হবে; ফলে জটিলতার কোনো কারণ নেই বলে জানিয়েছেন জোনায়েদ কবির। শেষ পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশেই ভোটগ্রহণ শেষ হবে বলে তিনি আশা করছেন।
ভোটিং মেশিনের এই জটিলতা নিয়ে জানতে চাইলে ইভিএমের প্রকল্প পরিচালক কর্নেল রাকিবুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমেকে বলেন, “ইভিএমে স্থানীয় সময় ঠিক করা থাকে। সেক্ষেত্রে ওই সময়ে ভোট শুরু হয়। কয়েক মিনিটের এদিক সেদিক হতে পারে। ঢাকার সঙ্গে অঞ্চলভিত্তিক সময়ের হেরফের হয়। ইফতারের সময় যেমনটি হয়।”
সকাল ৯টা ১২ মিনিটে লালমাই উপজেলার ভোটকেন্দ্রে গিয়ে দেখা যায়, একটি কক্ষে ভোটগ্রহণ চলছে; কেন্দ্রের মূলগেইটে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পাহারায় রয়েছেন। তারা যাচাই করে ভোটারদের ভেতরে প্রবেশ করতে দিচ্ছেন।
লালমাই থানার ওসি মোহাম্মদ আইয়ুব বলেন, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় তারা প্রস্তুত রয়েছেন।
কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনে লালমাই উপজেলার সদস্য পদে মোট তিনজন প্রার্থী রয়েছেন। তাদের মধ্যে মো. বিল্লাল হোসেন ঘুড়ি প্রতীকে, আমির হোসেন ওরফে হাজী আমির টিউবওয়েল প্রতীকে এবং আমির হোসেন তালা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
