খুলনায় নাশকতার মামলায় বিএনপির হেলালসহ ৮ নেতা-কর্মী কারাগারে
নাশকতার সৃষ্টির অভিযোগ করে গত ১১ ফেব্রুয়ারি বিএনপির ১৩০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেন ডুমুরিয়া থানার এসআই তারেক রাইয়ান।
খুলনার ডুমুরিয়ায় নাশকতার এক মামলায় বিএনপির কেন্দ্রীয় তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলালসহ আট নেতা-কর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বৃহস্পতিবার দুপুরে খুলনার সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক মীর শফিকুল আলম তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী মো. মোমরেজুল ইসলাম।
কারাগারে পাঠানো অন্যরা হলেন- জেলা বিএনপির আহ্বায়ক আমীর এজাজ খান, শেখ ফরহাদ হোসেন, মোল্লা আকবর হোসাইন সৈকত, আবদুর রব আকুঞ্জী, শাহীনুর রহমান, মোল্লা মশিউর রহমান ও শাহনেওয়াজ শেখ।
খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা বলেন, ডুমুরিয়া থানায় একটি নাশকতা মামলায় বিএনপির ১৭ জন নেতা-কর্মী হাজিরা দিতে যান। জামিন শুনানি শেষে আদালত আট জনকে কারাগারে পাঠিয়েছেন।
আইনজীবী মোমরেজুল জানান, নাশকতার সৃষ্টির অভিযোগ করে গত ১১ ফেব্রুয়ারি রাতে আজিজুল বারী হেলাল, আমির এজাজ খান, ডুমুরিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্লা মফিজুর রহমানসহ ১৩০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়। ডুমুরিয়া থানার এসআই তারেক রাইয়ান বাদী হয়ে এ মামলা করেন।
