রংপুরে কিশোরীকে ধর্ষণচেষ্টা: একজনের ১০ বছরের সাজা
তাছাড়া আদালত তাকে এক লাখ টাকা জরিমানা করেছে।
রংপুরের পীরগাছা উপজেলায় কিশোরীকে ধর্ষণচেষ্টা মামলায় একজনকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
রংপুরের নারী ও শিশুনির্যাতন দমন আদালত ২-এর বিচারক রোকনুজ্জামান বৃহস্পতিবার সকালে আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত শ্রীভোজন রায় উপজেলার পঞ্চানন গ্রামের বাসিন্দা।
মামলার নথি অনুযায়ী, ২০১৯ সালের ১০ আক্টবর একই গ্রামের এক কিশোরীকে বাড়ি থেকে ডেকে নেন জমি থেকে হাঁস ফিরিয়ে নেওয়ার কথা বলে। কিন্তু তিনি কিশোরীকে নিজের বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন।
এ ঘটনায় কিশোরীর বাবা পীরগাছা থানায় মামলা করেন। তদন্ত শেষে আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।
রাষ্ট্রপক্ষের আইনজীবী জাহাগীর হোসেন তুহিন বলেন, বিচার শেষে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে ১০ বছরের কারাদণ্ডাদেশ দিল। তাছাড়া আদালত তাকে এক লাখ টাকা জরিমানা করেছে। এই টাকা কিশোরীর পরিবারকে দিতে হবে।
