ঝিনাইদহে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে ১৫ জন আহত
দোকানে মোবাইল রাখাকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
মোবাইল রাখাকে কেন্দ্র করে ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলার চর গোলকনগর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে বলে শৈলকুপা থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান।
আহতদের মধ্যে আট জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
শৈলকুপা থানার ওসি বলেন, গত রোববার সন্ধ্যায় গ্রামের ইউনুস মণ্ডলের চায়ের দোকানে মোবাইল রেখে বাড়ি চলে যান একই গ্রামের ইউসুফ মোল্লা। পরে মোবাইল নিতে এলে ইউনুস তা নিজের বলে দাবি করেন।
এ নিয়ে ওইদিন ইউনুস ও ইউসুফের মধ্যে কথা কাটাকাটি হয়। এর পরদিন সোমবার দুপুরে উভয় পক্ষের লোকজনের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংষর্ঘে কয়েকজন আহত হয়।
ওসি আরও বলেন, “এরই জের ধরে আজ সকালে আবারও দুই পক্ষের লোকজন ঢাল, সরকি, রামদা, লাঠিসোটা ও ইট নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে অন্তত ১৫ জন আহত হয়। কয়েকটি বাড়িঘরেও হামলা হয়।
পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফের সংঘর্ষের আশঙ্কায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
