২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

টানা ছুটিতে ব্যাপক পর্যটক সমাগমের প্রত্যাশা পাহাড়ে

টানা ছুটিতে ব্যাপক পর্যটক সমাগমের প্রত্যাশা পাহাড়ে

নীলাচল পর্যটন কেন্দ্রে একটি রিসোর্ট (ফাইল ছবি)

উসিথোয়াই মারমা

বান্দরবান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2022, 07:46 PM

Updated : 06 Oct 2022, 07:46 PM

টানা তিন দিনের ছুটিতে বান্দরবানে ব্যাপক পর্যটক সমাগমের প্রত্যাশা করছেন পর্যটন সংশ্লিষ্টরা। 

ইতোমধ্যে এখানকার হোটেল-মোটেলের ৫০ শতাংশ এবং রিসোর্টগুলোর শতভাগ অগ্রিম বুকিং হওয়ার কথা জানিয়েছেন এই শিল্পে সংশ্লিষ্টরা।  এ ছাড়া এমন টানা ছুটি পেলে অগ্রিম বুকিং ছাড়াও অনেক পর্যটক চলে আসেন পাহাড়ে বেড়াতে। 

বিশেষ করে পার্শ্ববর্তী জেলা চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে বন্ধের সময় পার্বত্য এলাকায় পর্যটকের ভিড় দেখা যায়। 

শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি এবং রোববার ঈদে মিলাদুন্নবীর ছুটি। 

শহরে বাইরে অবস্থিত কয়েকটি রিসোর্ট কর্তৃপক্ষ জানিয়েছেন তাদের রিসোর্টে শতভাগ বুকিং হওয়ার কথা। 

জেলা শহর থেকে ১৮ কিলোমিটার দূরে চিম্বুক পাহাড়ে ওয়াইজংশন এলাকায় গড়ে ওঠা সাইরু হিল রিসোর্টের ম্যানেজার আতিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাইরুতে মোট ২৯টি কক্ষ রয়েছে। সেগুলো পাহাড়ে পাদদেশে কটেজের আদলে তৈরি। একশ জনের বেশি পর্যটক থাকার বন্দোবস্ত আছে। বৃহস্পতি ও শুক্রবার দুদিনের জন্য শতভাগ বুকিং হয়েছে। এরপর কয়েক দিনের জন্য প্রায় ৮০ ভাগ অগ্রিম বুকিং হয়ে আছে। 

হিল সাইট রিসোর্টের ম্যানেজার রোয়াল বম জানান, এ রিসোর্টটি জেলা শহর থেকে পাঁচ কিলোমটিার দূরে মিলনছড়ি এলাকায়। তাদের এ রিসোর্টটি গড়ে উঠেছে সম্পূর্ণ প্রকৃতির পরিবেশে। গোটা রিসোট প্রকৃতি ও গাছগাছালিতে ঢাকা। শুক্র থেকে রোববার পর্যন্ত তাদের সবকটি কটেজ শতভাগ বুকিং হয়ে গেছে। 

এদিকে সরকারি উদ্যোগে পরিচালিত মেঘলা এলাকায় পর্যটন মোটেলে ২৫টি কক্ষ রয়েছে। আগামী তিন দিনের জন্য সবকটি কক্ষই সম্পূর্ণ অগ্রিম বুকিং হওয়ার কথা জানিয়েছেন ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা। 

শহরে বাসস্ট্যান্ড এলাকায় হোটেল হিউ ভিউ-এর ব্যবস্থাপনক আব্দুর রহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার হোটেলে মোট ৮০টি কক্ষ রয়েছে। শুক্রবার থেকে রোববার পর্যন্ত টানা তিন দিন শতভাগ অগ্রিম বুকিং হয়েছে। 

বৃহস্পতিবার সকাল পর্যন্ত অনেকেই অগ্রিম বুকিংয়ের জন্য ফোন করেছেন বলে জানান তিনি। 

তবে রিসোর্ট ছাড়া আবাসিক হোটেল-মোটেলে শতভাগ বুকিং না হলেও সন্তোষজনক বলে জানান বান্দরবান আবাসিক হোটেল-মোটেল ও রিসোট মালিক সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম। 

তিনি জানান, বৃহস্পতিার সকাল পর্যন্ত আবাসিক হোটেল-মোটেলে ৫০ শতাংশ এবং রিসোর্টগুলোতে শতভাগ অগ্রিম বুকিং হয়েছে। গতবার ঈদের ছুটিতেও এরকম বুকিং হয়নি। দুয়েক দিনে হোটেল-মোটেল বুকিং আরও বাড়তে পারে। 

উঁচুনিচু পাহাড়, আঁকাবাঁকা নদীপথ এবং অসংখ্য ঝিরি ঝরনায় ঘুরে বেড়াতে ছুটির উপলক্ষ পেলেই বান্দরবানকে বেছে নিয়ে থাকেন পর্যটকরা। ঢেউ খেলানো এই মেঘ পাহাড়ে বিভিন্ন ভাষার জনগোষ্ঠীর বর্ণাঢ্য সংস্কৃতি ও জাতিগত বৈচিত্র্যের আকর্ষণে ছুটে আসেন ভ্রমণপ্রিয় পর্যটকরা। 

প্রবারণা উৎসব উদযাপন কমিটির সাধারণ সম্পাদ শৈটিংওয়াই মারমা জানান, ৮ থেকে ১০ অক্টোবর বান্দরবান শহরে বৌদ্ধ ধর্মাবলম্বী মারমা সম্প্রদায়রা পালন করবে প্রবারণা উৎসব ওয়াগ্যোয়াই পোয়ে। এ উপলক্ষে ওয়াগ্যোয়াই উদযাপন কমিটির উদ্যোগে শহরে রাজার মাঠে আয়োজন করা হয়েছে ফানুস উত্তোলন, ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠান ও পিঠা তৈরি উৎসব। প্রতিবছর অনেক পর্যটক এ উৎসব দেখার জন্য বান্দরবানে বেড়াতে আসেন। 

ট্যুরিস্ট পুলিশের বান্দরবান ইউনিটের ওসি জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পর্যটকদের নিরাপত্তায় প্রত্যেক পর্যটন কেন্দ্রে নিয়মিত টহল দল ছাড়াও সাদা পোশাকের ট্যুরিস্ট পুলিশের সদস্যরা থাকবেন। প্রত্যেক পর্যটক বান্দরবানে নিরাপদ ও স্বচ্ছন্দে ভ্রমণ করতে পারবেন। 

তবে কোনো কোনো সময় ব্যাপক পর্যটক সমাগম হলে পর্যটকবাহী গাড়ি চালকরা নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত ভাড়া আদায় করেন বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে ট্যুরিস্ট পুলিশের এই কর্মকর্তা বলেন, এ ব্যাপারে পর্যটকবাহী যানবাহন মালিকদের সাথে বৈঠক হয়েছে। বেড়াতে আসা কোনো পর্যটক যাতে হয়রানি হতে না হয় সে ব্যাপারে পুলিশ সব সময় সতর্ক থাকবে।