২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে স্ত্রীকে হত্যায় স্বামীর প্রাণদণ্ড

এছাড়া দোষীকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2023, 04:50 PM

Updated : 12 Jun 2023, 04:50 PM

জয়পুরহাটে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর প্রাণদণ্ড দিয়েছে আদালত। এছাড়া দোষীকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

সোমবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আব্বাস উদ্দিন এ রায় ঘোষণা করেন বলে আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী নৃপেন্দ্রনাথ মণ্ডল জানান।

দণ্ডপ্রাপ্ত জইমুদ্দিন ওরফে জদ্দি জেলার আক্কেলপুর উপজেলার ভিকনী গ্রামের প্রয়াত কোকড়া সাখিদারের ছেলে। তিনি পলাতক আছেন।

মামলার নথির বরাত দিয়ে আইনজীবী নৃপেন্দ্রনাথ মণ্ডল জানান, বিয়ের পর থেকে জইমুদ্দিনের সাথে তার স্ত্রীর ঝগড়া-বিবাদ লেগে থাকতো। ২০০২ সালের ১৯ আগস্ট সন্ধ্যার দিকে তাদের মধ্যে আবারও ঝগড়া হয়। সেই রাতের কোনো এক সময় গাছের ডাল দিয়ে তার স্ত্রীর মাথায় আঘাত করে হত্যা করে পাশের একটি পুকুরে লাশ ফেলে রাখেন জইমুদ্দিন। পরের দিন সকালে স্থানীয়রা পুকুরে আনোয়ারার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।

এ ঘটনায় সেদিনই আক্কেলপুর থানায় একটি মামলা করেন নিহতের ভাই আব্দুর রহমান। একই বছরের ২১ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।