২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

ময়মনসিংহ ও রাজবাড়ীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

শনিবার রাত ১২টার দিকে ময়মনসিংহের মাসকান্দা বাসস্ট্যান্ডে এবং রাত সোয়া ১টার দিকে রাজবাড়ীর দৌলতদিয়া বাস টার্মিনালে এ ঘটনা ঘটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 20 Sep 2026, 01:09 PM

Updated : 20 Sep 2026, 01:33 PM

ময়মনসিংহ ও রাজবাড়ীতে দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে, এসব ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এর মধ্যে শনিবার রাত ১২টার দিকে ময়মনসিংহ নগরীর মাসকান্দা বাসস্ট্যান্ড এলাকায় এবং রাত সোয়া ১টার দিকে রাজবাড়ীর দৌলতদিয়া বাস টার্মিনালে বাসে আগুনের ঘটনা ঘটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ময়মনসিংহ প্রতিনিধি জানান, বাসে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ২০ মিনিটের চেষ্টায় তা নিয়ন্ত্রণে আনে। আগুনে বাসের ব্যাপক ক্ষতি হয়েছে।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র অফিসার মো. হাবিজুর রহমান বলেন, রাত ১২ টা ১০ মিনিটে খবর আসে মাসকান্দা বাসস্ট্যান্ড এলাকায় পলিটেকনিকের সামনে একটি বাসে আগুন লেগেছে।

খবর পেয়ে বাকৃবি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আগুনের কারণ সম্পর্কে জেলা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী বলেন, বাসটিতে কেউ আগুন দিয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ ঘটনাস্থল থেকে কিছু আলামত জব্দ করেছে। অধিকতর তদন্তে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে।

কোতোয়ালী মডেল থানার ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, দুর্বৃত্তরা বাসে আগুন দিয়ে পালিয়ে গেছে। তাদের চিহ্নিত করতে পুলিশের একাধিক টিম কাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।

এদিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের রাজবাড়ি প্রতিনিধি জানান, দৌলতদিয়া বাস টার্মিনালে পার্কিং করা এক‌টি লোকাল বাসে আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ওসি মো. সফিকুল ইসলাম বলেন, দৌলতদিয়া থেকে কুষ্টিয়াগা‌মী মা ক্লাসিক পরিবহনের বাসটি দৌলতদিয়া বাস টার্মিনালে পার্কিং করাছিল।

রাত সোয়া ১টার দিকে বাস‌টি‌তে হঠাৎ দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। পু‌লিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থ‌লে যায় এবং ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভায়।

বাসটির অধিকাংশই পুড়ে গেছে জানিয়ে ওসি সফিকুল ইসলাম বলেন, বাসটির সিট ও ভেতরের ডেকোরেশন একেবারে পুড়ে গেছে। এটি বাসের কোনো যান্ত্রিক ত্রুটির কারণে ঘটেছে নাকি অগ্নিসংযোগ করা হয়েছে তা খতিয়ে দেখ‌ছে পু‌লিশ।