রোহিঙ্গা ক্যাম্পে দুই খুন: ৩ আসামি গ্রেপ্তার
গ্রেপ্তাররা রোহিঙ্গা কমিউনিটি নেতা আবু তালেব ও সৈয়দ হোসেন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে দুই নেতা হত্যা মামলায় এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন – এপিবিএন।
বৃহস্পতিবার ভোরে উখিয়া উপজেলার ১৫ নম্বর জামতলী রোহিঙ্গা ক্যাম্পে এ অভিযান চালানো হয় বলে ৮ এপিবিএন-এর অধিনায়ক এডিআইজি মো. আমির জাফর জানান।
গ্রেপ্তাররা হলেন উখিয়ার ১৫ নম্বর জামতলী রোহিঙ্গা ক্যাম্পের সি-৬ ব্লকের রশিদ আহম্মেদের ছেলে জাফর আলম (৫৪), তার ছেলে মোহাম্মদ সোয়াইব (১৯) এবং একই ক্যাম্পের সি-১ ব্লকের সোনা মিয়ার ছেলে সাহ মিয়া (৩৪)।
মঙ্গলবার মধ্যরাতে এই ক্যাম্পের সি-৯ ব্লকে ‘পূর্বশত্রুতার জেরে’ একদল হামলাকারীর গুলিতে আবু তালেব ও সৈয়দ হোসেন নামের দুই কমিউনিটি নেতা নিহত হন।
এডিআইজি আমির জাফর জানান, দুই রোহিঙ্গা নেতা হত্যার ঘটনায় বৃহস্পতিবার সকালে আবু তালেবের স্ত্রী তৈয়বা বেগম বাদী হয়ে আট জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরও আট জনকে আসামি করে উখিয়া থানায় মামলা দায়ের করেছেন।
মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে বলে জানান এপিবিএন এ অধিনায়ক।
