২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

উখিয়ায় শরণার্থী শিবিরে গুলিতে রোহিঙ্গা নেতা আহত

কক্সবাজার জেলা সদর হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2022, 10:59 AM

Updated : 12 Oct 2022, 01:19 PM

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী শিবিরে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে একজন শরণার্থী নেতা আহত হয়েছেন।

মঙ্গলবার রাত ৯টায় উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে বলে জানান ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার মো. ফারুক আহমেদ।

আহত মোহাম্মদ হোসেন (৩৮) বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের আই-ব্লকের প্রধান মাঝি (কমিউনিটি নেতা) এবং মোহাম্মদ মিয়ার ছেলে।

স্থানীয়দের বরাতে ফারুক বলেন, রাতে ক্যাম্পটির ভেতরে প্রধান মাঝি মোহাম্মদ হোসেন কয়েকজন স্বেচ্ছায় পাহারা কর্মীর সঙ্গে কথা বলছিলেন। এ সময় কথিত আরসা নামধারী একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে হোসেন শরীরের বিভিন্ন স্থানে গুলি লাগে। খবর পেয়ে এপিবিএনের একটি দল সেখানে গেলে হামলাকারীরা পালিয়ে যায়।

“পরে ঘটনাস্থল থেকে হোসেনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।”

কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশের এএসআই মো. রিপন চৌধুরী বলেন, রাত ১১টায় হোসেনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

অতিরিক্ত পুলিশ সুপার ফারুক বলেন, ঘটনাস্থলে তল্লাশি করে পিস্তলের একটি খালি ম্যাগাজিন পাওয়া গেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।