২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে পটাশের সরবরাহ নেই, বিপাকে আমন চাষি

জেলায় চাহিদা ১২০০ টন, আছে ৩৫ টন। কবে নাগাদ বাকি সার আসবে তা বলতে পারেনি কৃষি বিভাগ।

মাদারীপুরে পটাশের সরবরাহ নেই, বিপাকে আমন চাষি

সঠিক সময় সার না দিতে পারায় আমনের ফলন নিয়ে শঙ্কায় চাষি

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2022, 07:30 PM

Updated : 26 Aug 2022, 07:49 PM

মাদারীপুরে এমওপি বা পটাশ সারের সরবরাহ না থাকায় বিপাকে পড়েছেন আমন চাষি।

মাস খানেক আগে যেসব জমিতে আমন চারা রোপণ করা হয়েছে, সেখানে এখনই পটাশ ছিটানো জরুরি। কিন্তু বাজারে পাওয়া যাচ্ছে না।

ডাসার উপজেলার পান্তাপাড়া গ্রামের সামসুল হক হাওলাদার বলেন, তিনি তিন দিন বাজারে গিয়েও পটাশ কিনতে পারেননি।

“অথচ এখনই জমিতে পটাশ ছিটানো জরুরি হয়ে পড়েছে।”

তিনি তিন বিঘা জমিতে আমন চারা রোপণ করেছেন জানিয়ে বলেন, “পটাশ না দিলে ফলন হবে না। তাই দুশ্চিন্তায় আছি।”

একই গ্রামের আবদুল লতিফ তার ১০ বিঘা জমির রোপা আমন নিয়ে একই দুশ্চিন্তার কথা জানান।

লতিফ বলেন, “ধানগাছের গোড়া শক্ত হয়ে আছে। এই গাছে ফলন পেতে হলে পটাশ দেওয়া আবশ্যক। কিন্তু বাজারে পটাশ পাওয়া যাচ্ছে না।”

জেলার বিভিন্ন এলাকার চাষিদের সঙ্গে কথা বলে একই উদ্বেগের খবর পাওয়া গেছে।

এমনকি দ্বিগুণ দাম দিয়েও পটাশ পাওয়া যাচ্ছে না বলে জানান সদর উপজেলার গগনপুর গ্রামের ফরহাদ শরীফ।

তিনি বলেন, “দুই দিন গেছি সারের ডিলারের দোকানে। বলে সার নাই। তবে এক খুচরা সার বিক্রেতার কাছ থেইকা এক বস্তা পটাশ সার কিইনা আনছি। তাতে দাম লাগছে এক হাজার ৫০০ টাকা। আরও সার দরকার, কিন্তু দ্বিগুণ দাম দিয়েও পাওয়া যাইতেছে না। ধান-জমিন নিয়া বড় বিপদে আছি।”

পরিবেশকরা বলছেন, তারা চালান জমা দিয়েছেন, কিন্তু তাদের সার সরবরাহ করতে পারছে না সরকার।

সদর উপজেলার মস্তফাপুর বাজারের পরিবেশক সদানন্দ কুণ্ডু বলেন, তিনি গত সপ্তাহে পটাশের জন্য টাকা জমা দেন।

“পরে গুদামে গিয়ে শুনি সার নেই। কৃষি কর্মকর্তারা বলেছেন, সার বরাদ্দ এলে খবর দেওয়া হবে।”

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোয়াজ্জেম হোসেন প্রয়োজনীয় সার সরবরাহ না থাকার কথা স্বীকার করেছেন।

তিনি বলেন, “মাদারীপুরের জন্য এক হাজার ২০০ টন পটাশ চাওয়া হয়েছে। বর্তমানে মজুদ আছে ৩৫ টন।”

চাহিদাকৃত সার কবে নাগাদ আসবে সে বিষয়ে তিনি কিছু বলতে পারেননি।