০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

মানিকগঞ্জে অটোরিকশা-ট্রাকের সংঘর্ষে নিহত ৩

পাঁচজন যাত্রী নিয়ে বালিরটেক থেকে মানিকগঞ্জ আসছিল সিএনজিচালিত অটোরিকশাটি।

মানিকগঞ্জে অটোরিকশা-ট্রাকের সংঘর্ষে নিহত ৩

ড্রাম ট্রাকের সঙ্গে সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে যায়।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2024, 12:58 PM

Updated : 08 Jan 2024, 04:07 PM

মানিকগঞ্জে অটোরিকশা ও ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ তিনজন নিহত ও দুইজন আহত হয়েছেন। হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী। 

সোমবার সকাল ১০টার দিকে মানিকগঞ্জ-সিংগাইর-হেমায়েতপুর আঞ্চলিক সড়কের আউটপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে মানিকগঞ্জ সদর থানার ওসি হাবিল হোসেন জানিয়েছেন। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি জানান, সকালে সদর উপজেলার বালিরটেক থেকে সিএনজিচালিত অটোরিকশাটি পাঁচজন যাত্রী নিয়ে মানিকগঞ্জ আসছিল। 

পথে সদর উপজেলার বেতিলা আউটপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ড্রাম ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয় অটোরিকশাটির। এতে দুমড়ে যায় সেটি। 

সংঘর্ষে সিএনজিচালিত অটোরিকশাটির চালক শাহীন মোল্লা (৪২), যাত্রী জসিম তালুকদার (৪৫) ও তার নাতি ইয়াসিন (৫) মারা যান।

শাহীন মানিকগঞ্জ সদর উপজেলার বরুন্ডী গ্রামের ইমান মোল্লার ছেলে। আর জসিম মুন্সিগঞ্জ জেলার বাসিন্দা হলেও মানিকগঞ্জ থাকতেন। 

ওসি আরও জানান, এ দুর্ঘটনায় আরও দুজন আহত হয়েছেন তারা মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন। জব্দ করা হয়েছে ড্রাম ট্রাকটি।