আন্তর্জাতিক সেই পরাজিত শক্তি আবার ষড়যন্ত্র করছে: মির্জা আজম
“রাজাকার আর যুদ্ধাপরাধীর সন্তানরা এখন বিএনপির নেতৃত্ব দিচ্ছে।”
বাংলাদেশ নিয়ে আবারও ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম।
তিনি বলেছেন, “১৯৭১ সালের পরাজিত শক্তি আজ ঐক্যবদ্ধ হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যারা বিরোধিতা করে সপ্তম নৌবহর পাঠিয়েছিল সেই আন্তর্জাতিক পরাজিত শক্তি শেখ হাসিনার বিরুদ্ধে আবারও ষড়যন্ত্র করছে।”
শনিবার সন্ধ্যায় জামালপুর জেলা আওয়ামী লীগ কার্যালয় চত্বরে ‘ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে উন্নীতকরণের লক্ষ্যে জেলা যুবলীগ আয়োজিত তারুণ্যের জয়যাত্রা’ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিরোধী দলের আন্দোলনকে ষড়যন্ত্রের আন্দোলন উল্লেখ করে এই সংসদ সদস্য বলেন, “রাজাকার আর যুদ্ধাপরাধীর সন্তানরা এখন বিএনপির নেতৃত্ব দিচ্ছে।”
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র ছানোয়ার হোসেন ছানু, জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা রাজু।
