সিলেটে ভোট দিয়ে বাড়ি ফেরা হল না বৃদ্ধের
ওসি বলেন, “পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, তীব্র গরমে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।”
সিলেটের কোম্পানিগঞ্জে ভোট দিয়ে কেন্দ্র থেকে বাড়ি ফেরার পথে এক বৃদ্ধের মৃত্যুর খবর পাওয়া গেছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার তেলিখাল ইউনিয়নের তেলিখাল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের কাছাকাছি এলাকায় এ ঘটনা ঘটে বলে কোম্পানিগঞ্জ থানার ওসি মো. গোলাম দস্তগীর জানিয়েছেন।
পঞ্চান্ন বছর বয়সি বৃদ্ধ মফিজ মিয়া উপজেলার চাতলপাড়ের বিলাজুর গ্রামের প্রয়াত তাজু ইসলামের ছেলে।
ওসি বলেন, “পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, তীব্র গরমে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।”
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, মফিজ মিয়া তেলিখাল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে বাড়ি ফিরতে পাশের একটি খাল পার হতে নৌকায় উঠার আগ মুহূর্তে মাথা ঘুরিয়ে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গরমে মাথা ঘুরিয়ে পড়ে বৃদ্ধের মৃত্যুর বিষয়ে জানতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের উপ পরিচালক সৌমিত্র চক্রবর্তীর ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিক বার কল দিলে তিনি সাড়া দেননি।
জাল ভোট দিতে এসে আটক তরুণ-তরুণী
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় জাল ভোট দিতে এসে তরুণ-তরুণী আটক হয়েছেন।
একজন কোম্পানীগঞ্জ থানা সদর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও অন্যজন উপজেলার পারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আটক হন বলে কেন্দ্রের দায়িত্বরত প্রিজাইডিং অফিসার এবং রিটানিং কর্মকর্তা জানান।
মঙ্গলবার দুপুরে কোম্পানীগঞ্জ থানা সদর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ভোট কেন্দ্রে জামিল হোসেন নামের এক তরুণ আটক হয়েছেন।
জামিল উপজেলার বুড়দেও গ্রামের নাজিম উদ্দিনের ছেলে।
ওই কেন্দ্রের দায়িত্বরত প্রিজাইডিং অফিসার মো. নাহিদ হাসনাইন জানান, জামিল তার বড় ভাইয়ের ভোট দিতে এলে পোলিং এজেন্টরা তাকে চিনতে পারেন এবং দায়িত্বরত প্রিজাইডিং অফিসারকে বিষয়টি জানান। এ সময় কেন্দ্রে দায়িত্বরত পুলিশকে জানালে পুলিশ তাকে আটক করে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
অন্যদিকে, উপজেলার পাড়ুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দিতে এসে সোনিয়া বেগম (২০) নামের এক তরুণী আটক হয়েছেন। বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে বলে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও রিটার্নিং কর্মকর্তা সুনজিত কুমার চন্দ জানান।
জৈন্তাপুরে আটক ৬
সিলেটের জৈন্তাপুরে মোবাইল নিয়ে ভোট কেন্দ্রে প্রবেশের অভিযোগে ছয়জন আটক করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার চিকনাগুল আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের আটক করে থানায় পাঠান বলে জানিয়েছেন জৈন্তাপুর থানার ওসি মো. তাজুল ইসলাম। তবে আটকদের নাম-পরিচয় বলতে পারেননি তিনি।
