২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় ১৩ দিনে পানিতে ডুবে নিভেছে ১২ শিশুর প্রাণ

অভিভাবকদের সতকর্তার বিকল্প নেই বললেন সচেতন নাগরিকরা।

কুমিল্লায় ১৩ দিনে পানিতে ডুবে নিভেছে ১২ শিশুর প্রাণ
প্রতীকী ছবি

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2024, 06:31 PM

Updated : 26 Aug 2026, 09:32 AM

কুমিল্লায় ১৩ দিনে পানিতে ডুবে ১২ শিশুর প্রাণহানী ঘটেছে। এ নিয়ে অভিভাবকদের মধ্যে দেখা দিয়েছে উৎকণ্ঠা।   

কুমিল্লায় গত কয়েকদিনের মধ্যে পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে বলে মনে করছেন সচেতন ব্যক্তিরা। 

খোঁজ নিয়ে জানা গেছে, গত ২৫ এপ্রিল জেলার চান্দিনায় দুই শিশু, দাউদকান্দিতে দুই, ২৬ এপ্রিল বুড়িচংয়ে এক, ২৭ এপ্রিল দেবিদ্বারে তিন এবং ৩০ এপ্রিল মুরাদনগরে দুই শিশুর মৃত্যু হয়েছে পানিতে ডুবে। 

গত ১৮ এপ্রিল জেলার বরুড়া উপজেলা পানিতে ডুবে মারা গেছে দুই শিশু। মারা যাওয়া ১২ শিশুর মধ্যে ১১ জনেরই বয়স ৮ বছরের মধ্যে।

গত ৩০ এপ্রিল দুপুরে মুরাদনগর উপজেলার পশ্চিম বাঙ্গরা ইউনিয়নের কালারাইয়া গ্রামে বাড়ির পাশে পুকুর পাড়ে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে চাচাতো দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। 

মারা যাওয়া দুই শিশু হল- কালারাইয়া গ্রামের কাজী সেলিম মিয়ার ছেলে কাজী ইয়াছিন আরাফাত (৫) ও ইদন মিয়ার মেয়ে রোজা মনি (৩)। সম্পর্কে তারা চাচাতো ভাই-বোন।

উপজেলার বাঙ্গরা পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহার খান বলেন, পরিবারের সদস্যরা দুই শিশুকে বাড়িতে না পেয়ে আশপাশে খুঁজতে থাকেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে তাদের লাশ ভাসতে দেখেন। তখন স্বজনেরা পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করেন।

গত ২৭ এপ্রিল জেলার দেবিদ্বারে চার ঘণ্টার ব্যবধানে তিনশিশু পানিতে ডুবে মারা যায়। 

মৃত শিশুরা হচ্ছে- দেবিদ্বার পৌর এলাকার বিজলীপাঞ্জার গ্রামের রঙমিস্ত্রি অলিউল্লাহর একমাত্র মেয়ে রাইসা আক্তার (৭), পৌর এলাকার বড় আলমপুর গ্রামের সোহরাব হোসেন সোহাগের ছেলে দেড় বছরের মেয়ে সালমা আক্তার এবং উপজেলার গুনাইঘর গ্রামের ইমান্দি ভূইয়া বাড়ির ইউনুস ভূঁইয়ার মেয়ে হাফসা আক্তার (৫)। 

এই তিন শিশুরই মৃত্যু হয়েছে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে। এ তিন শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. আলী এহসান।

গত ২৬ এপ্রিল জেলার বুড়িচংয়ে পুকুরে সাঁতার শিখতে নেমে পানিতে ডুবে মোহাম্মদ হৃদয় হাসান নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। 

ওইদিন বিকালে উপজেলার ময়নামতি ইউনিয়নের কিংবাজেহুড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত হৃদয় হাসান ওই গ্রামের আবদুল হকের ছেলে। 

গত ২৫ এপ্রিল কুমিল্লার চান্দিনা ও দাউদকান্দিতে পানিতে ডুবে চার শিশুর মৃত্যু হয়। 

ওইদিন সকালে দাউদকান্দি উপজেলার বিটেশ্বর ইউনিয়নের বরকোটা গ্রামে বাড়ির পাশের ডোবা থেকে এবং দুপুরে চান্দিনা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের তুলাতলী গ্রামের একটি মাছের খামার থেকে ওই শিশুদের মরদেহ উদ্ধার করা হয়।

চান্দিনায় মারা যাওয়া শিশুরা হল- উপজেলার তুলাতলী গ্রামের আব্দুল কুদ্দুস মন্টুর মেয়ে নাদিয়া আক্তার (৭) ও এই গ্রামের সাইফুল ইসলামের মেয়ে সাদিয়া আক্তার (৮)। সম্পর্কে তারা দুজন খালা ও বোনের মেয়ে। 

অপরদিকে, দাউদকান্দিতে মারা যাওয়া দুই শিশু হচ্ছে- উপজেলার বরকোটা গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে ফয়সাল ইসলাম (৮) এবং একই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে রিফাত হোসেন (৭)।

১৮ এপ্রিল বরুড়া পৌরসভার শুশুন্ডা গ্রামে নানাবাড়ি বেড়াতে এসে আপন দুই খালাতো ভাই পানিতে ডুবে মারা যায়। 

শিশুরা হল- মোহাম্মদ আশিক (৩) আজহার হোসেন (৪)। 

আশিক জেলার লাকসাম উপজেলার যহরপুর গ্রামের মো.হাফিজুর রহমানের আর আজহার বরুড়া পৌরসভা কাসেড্ডা গ্রামের ওয়াসিমের ছেলে। 

এরা দু’জনই খেলা করতে করতে বাড়ির পাশের ছোট একটি গর্তের পানিতে পড়ে মারা যায় বলে স্বজনদের বরাতে সংশ্লিষ্ট থানার পুলিশ জানায়। 

সর্বশেষ মঙ্গলবার জেলার মুরাদনগর উপজেলায় বাড়ির পাশে পুকুরে পাড়ে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে চাচাতো দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। 

বরুড়ায় পানিতে ডুবে মারা যাওয়া আজহারের বাবা বরুড়া পৌরসভা কাসেড্ডা গ্রামের ওয়াসিম বলেন, ঈদের পর মায়ের সঙ্গে নানার বাড়ি বেড়াতে গিয়েছিল আজহার। ঘটনার দিন তার খালাতো ভাই আশিকসহ বাড়ির বাড়ির উঠানে খেলা করছিল। বাড়ির পাশেই ছিল ছোট একটি গর্ত; সেখানে পানি জমে ছিল৷ খেলার ছলে দু'জনে ওই গর্তে কখন যে পড়েছে- ঘরের কেউ টেরই পায়নি। বাড়িতে মাটি ভরাটের জন্য গর্তটি করা হয়েছিল। শেষ পর্যন্ত গর্তটি কাল হয়ে দাঁড়াল। 

দেবিদ্বারে পানিতে ডুবে মারা যাওয়া সাত বছরের শিশু রাইসা আক্তারের চাচা ফারুক মিয়া বলেন, বাড়ির অন্য শিশুদের সঙ্গে পুকুরে গোসল করতে যায় রাইসা। সব শিশু ফিরে এলেও রাইসা ফেরেনি। পরে তার লাশ পুকুরে ভাসতে দেখা যায়। রাইসা স্থানীয় বিজলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল। সঙ্গে বড় কেউ না থাকায় এমনটা হয়েছে বলে ফারুক মিয়া বলেন। 

চান্দিনায় মারা যাওয়া শিশু নাদিয়ার দাদা আবদুল লতিফ  জানান, ঘটনার দিন বেলা ১১টার দিকে সাইকেল নিয়ে দুই শিশু ঘর থেকে বের হয়। দুপুর ১২টার দিকে বাড়ি থেকে ২০০ গজ দূরে একটি বটগাছের কাছে সাইকেল ও জুতা দেখতে পান সাদিয়ার নানা আবদুল জব্বার। কিন্তু তাদের খুঁজে না পেয়ে সাইকেল ও জুতা নিয়ে তিনি বাড়ি চলে আসেন। এরপর বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন। কিন্তু কোথাও পাননি। বেলা দুইটার দিকে সাইকেল পাওয়া জায়গায় একটি প্যান্ট পড়ে থাকতে দেখে স্বজনদের সন্দেহ হয়। 

পরে পাশে মাছের খামারে নেমে দুই শিশুকে পানি থেকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

দাউদকান্দিতে মারা যাওয়া ফয়সালের বাবা মো. নজরুল ইসলাম ও রিফাতের বাবা আনোয়ার হোসেন জানান, ওইদিন বেলা ১১টার দিকে শিশু ফয়সাল ও রিফাত বাড়ির পাশে খেলা করছিল। হঠাৎ তাদের দেখতে না পেয়ে আমরা খোঁজাখুঁজি করলে ডোবার পানিতে তাদের শরীর ভাসতে দেখি। পরে তাদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অভিভাবকদের অসাবধানতাকে দায়ী করে জাতীয় পরিবেশ পদকপ্রাপ্ত কুমিল্লার পরিবেশ ও কৃষি সংগঠক মতিন সৈকত বলেন, “মাত্র ১৩ দিনের ব্যবধানে ১২টি শিশুর মৃত্যু হওয়া সহজ কোনো বিষয় না। যে সময় শিশুদের হেসে-খেলে বেড়ানোর কথা ছিল; সেই বয়সের শিশুদের মৃত্যুর চেয়ে কষ্টের আর কী হতে পারে?” 

তিনি মনে করেন, অভিভাবকরা সচেতন হলেই পানিতে ডুবে শিশু মৃত্যুর হার অনেক কমে যাবে।  

সচেতন নাগরিক কমিটি-সনাক, কুমিল্লার সভাপতি রোকেয়া বেগম সেফালি বলেন, “এভাবে শিশুদের মৃত্যুর ঘটনায় আমরা উদ্বিগ্ন, এটা খুবই দুঃখজনক ঘটনা। এমন মৃত্যুর ঘটনা রোধে পুকুর, ডোবা কিংবা জলাশয়ের পাশে শিশুদের খেলাধুলা থেকে বিরত রাখতে হবে পরিবারের। গোসল করতে যাওয়ার সময় অভিভাবকদের পাশে থাকতে হবে।” 

তিনি আরও বলেন, “কুমিল্লার গ্রাম এলাকায় প্রায় প্রতিটি বাড়ির পাশে বা সামনে পুকুর থাকে। প্রয়োজনে বাড়ির পাশে পুকুরের চারদিকে বেড়া দিতে হবে এবং অপ্রয়োজনীয় ডোবা মাটি ফেলে ভরাট করে দেওয়া যেতে পারে। এছাড়া নির্দিষ্ট বয়সের পর শিশুদের সাঁতার শেখানোর বিষয়টি এখন সামাজিক আন্দোলনে রূপ দেওয়া সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। 

“আর সবচেয়ে বড় কথা, শিশুদের ছোটবেলা থেকেই বিষয়টি নিয়ে সতর্ক করতে হবে অভিভাবকদের।”

কুমিল্লার বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ ডা. ইকবাল আনোয়ার সাংবাদিকদের বলেন, বর্ষা শুরুর আগেই হঠাৎ কুমিল্লায় পানিতে ডুবে এত শিশুর মৃত্যুর বিষয়টি আশঙ্কাজনক। এ নিয়ে অভিভাবকদের আরও বেশি সচেতন ও শিশুদের প্রতি যত্নশীল হওয়া উচিৎ। 

“শিশুদের একা রেখে কোথাও যাওয়া উচিৎ নয়। পাশাপাশি তাদেরকে পুকুর বা জলাশয়ের ধারে খেলতে দিলে চোখে চোখে রাখতে হবে। তাদের এমন মৃত্যুর ঘটনা কমে আসবে।”

এদিকে, এভাবে শিশুদের মৃত্যুর খবরে কুমিল্লায় অভিভাবকদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। অনেকে প্রতিনিয়ত ভয়ে দিন পার করছেন শিশুদের নিয়ে। 

আবার অনেকে বলেছেন- নির্দিষ্ট একটি সময়ের পর শিশুদের সাঁতার শেখানোর বিষয়টি সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে। অনেকের পরামর্শ- জেলার গ্রামাঞ্চলের প্রায় প্রতিটি বাড়ির সামনে বা পাশে পুকুর ও ডোবা থাকে। এজন্য এসবের চারদিকে বেড়া দেওয়া জরুরি।