২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাগর থেকে আরও ১৩ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

সেন্ট মার্টিনের দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে মাছ শিকারের সময় তাদের ধরে নিয়ে যায় হয় বলে জানান ইউপি চেয়ারম্যান।

টেকনাফ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2025, 09:03 PM

Updated : 26 Aug 2026, 05:23 PM

কক্সবাজারের টেকনাফ উপজেলার অদূরে সাগরে মাছ শিকারের সময় দুটি ট্রলারসহ বাংলাদেশি আরও ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি।

মিয়ানমারের মংডু সংলগ্ন সেন্ট মার্টিনের অদূরে সাগর থেকে মঙ্গলবার সকালে ও দুপুরে তাদের ধরে নিয়ে যাওয়া হয় বলে দাবি সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলামের।

আটক জেলেরা হলেন- সেন্ট মার্টিনের বাসিন্দা নুর মোহাম্মদ (৬০), হামিদ হোসেন (৪৫), মো. হামপুরো (১৫), জসিম উদ্দিন (১৮), হারুন মিয়া (৪০) এবং শামলাপুরের বাসিন্দা মো. হাবিবুল্লাহ (৬০)। বাকি সাতজনের নাম-পরিচয় জানা ‍যায়নি।

মিয়ানমারভিত্তিক সংবাদমাধ্যম ‘গ্লোবাল আরাকান নেটওয়ার্কে’ বাংলাদেশি জেলেদের ধরে নিয়ে যাওয়ার ছবি প্রকাশ করা হয়েছে। সংবাদমাধ্যমটি জানায়, এদিন সকাল ও দুপুরে পৃথকভাবে মিয়ানমারের মংডু সংলগ্ন আরাকান আর্মির উপকূলীয় নিরাপত্তা শাখার সদস্যরা সমুদ্রপথে টহল জোরদার করে। 

টহলের সময় আরাকান রাজ্যের জলসীমা অতিক্রম করে মাছ ধরতে থাকা কয়েকটি বাংলাদেশি ট্রলার শনাক্ত করা হয়। পরে দুটি ট্রলারসহ ১৩ জেলেকে আটক করা হয়।

চলতি বছরের জানুয়ারি থেকে ১৮ জুলাই পর্যন্ত অন্তত ১৮৮ বাংলাদেশি জেলে ও ৩০টি নৌকা আটক করে পরবর্তীতে মুক্তি দেওয়া হয় বলে দাবি করেছে সংবাদমাধ্যমটি।

স্থানীয় জেলেদের বরাতে ইউপি চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেন, সেন্ট মার্টিন দ্বীপের দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে মাছ শিকারের সময় আরাকান আর্মির সদস্যরা স্পিডবোটে এসে ইঞ্জিনচালিত দুটি ট্রলারসহ ১৩ জেলেকে আটক করে নিয়ে যান। এ নিয়ে জেলে পরিবারগুলো আতঙ্কে রয়েছে।

ট্রলারমালিক ও বিজিবির দেওয়া তথ্য মতে, ১২ মাসে (গত বছর ডিসেম্বর থেকে) আরাকান আর্মি নাফ নদী ও বঙ্গোপসাগর থেকে ৩৮৪ জেলেকে অপহরণ করেছে। বিজিবির চেষ্টায় কয়েক দফায় ১৮৯ জন জেলেসহ ২৭টি ট্রলার ফেরত আনা সম্ভব হলেও আরও ২৯টি ট্রলার ও ১৯৫ জেলে রাখাইন রাজ্যের কারাগারে বন্দি আছেন। 

সাগরে মাছ ধরার সময় নৌকাসহ ৯ জেলেকে ধরে নিয়ে যাওয়ার খবর