ঈদযাত্রা: সৈয়দপুর রেলওয়ে কারখানায় মেরামত হচ্ছে ১২৭ কোচ
এসব কোচ নীলফামারীর চিলাহাটি, পঞ্চগড়, রংপুর, লালমনিরহাট, ঢাকা ও চট্টগ্রামসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পথে রেলওয়ের বহরে যুক্ত হবে।
কোরবানির ঈদকে সামনে রেখে কদিন বাদেই নাড়ির টানে বাড়ি ফিরবেন লাখো মানুষ। সেই যাত্রা স্বস্তিদায়ক ও নিরাপদ করতে নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানা দিন-রাত ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা।
জনবল সংকট, বাজেট স্বল্পতা ও উপকরণের ঘাটতির মধ্যেও অতিরিক্ত শ্রম দিয়ে ১২৭টি কোচ মেরামত ও সচল করার কাজ শেষ পর্যায়ে এনেছেন শ্রমিক-কর্মচারীরা। এর মধ্যে ১০৩টি কোচ রেলওয়ের বিভিন্ন বিভাগে হস্তান্তর করা হয়েছে।
ঈদযাত্রায় বিশেষ ট্রেনগুলোতে এসব কোচ যুক্ত হলে ঘরমুখো মানুষের ভোগান্তি অনেকটাই কমবে বলে আশা সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) শাহ সুফী নুর মোহাম্মদের।
তিনি বলেন, নীলফামারীর চিলাহাটি, পঞ্চগড়, রংপুর, লালমনিরহাট, ঢাকা ও চট্টগ্রামসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পথে যাত্রী পরিবহনে সক্ষমতা বাড়াতে এসব কোচ রেলওয়ের বহরে যুক্ত করা হবে।
রেলওয়ে বিভাগ জানায়, সৈয়দপুর রেলওয়ে কারখানা প্রতিবছর ঈদুল ফিতর ও ঈদুল আজহা উপলক্ষে যাত্রীসেবার কথা চিন্তা করে কোচ মেরামত করে থাকে। নিয়মিত ট্রেনের পাশাপাশি ঈদকে ঘিরে বিশেষ ট্রেন পরিচালনার জন্য প্রয়োজন হয় অতিরিক্ত শতাধিক কোচ।
সেই চাহিদা পূরণে পুরোনো ও অচল কোচ মেরামত করে রেলবহরে যুক্ত করা হয়। এর মধ্যে ১০৩টি কোচ পাকশী ও লালমনিরহাট রেলওয়ে বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি কোচ আগামী কয়েক দিনের মধ্যে হস্তান্তর করা হবে।
কারখানায় ঘুরে দেখা গেছে, কারখানায় দুই হাজার ৮৫৯টি অনুমোদিত পদের বিপরীতে বর্তমানে কর্মরত আছেন মাত্র ৬৬৪ জন শ্রমিক-কর্মচারী। বিভিন্ন শপে সকাল থেকে রাত পর্যন্ত চলছে মেরামতের কাজ। অনেক শ্রমিক নির্ধারিত সময়ের বাইরেও অতিরিক্ত দায়িত্ব পালন করছেন।
প্রয়োজনের তুলনায় মাত্র ২৩ শতাংশ জনবল নিয়ে নিরলসভাবে কাজ করছেন তারা। ঈদযাত্রাকে গুরুত্ব দিয়ে পুরাতন কোচগুলোর জরাজীর্ণ কাঠামো পরিবর্তন, চাকার ট্রলি মেরামত, আসন বিন্যাস, বৈদ্যুতিক সংযোগ ও সাজসজ্জার কাজ করা হচ্ছে। এ কাজে বগি, হেভি রিপেয়ারিং, ক্যারেজ কনস্ট্রাকশন ও পেইন্ট শপসহ আরও ২৪টি শপ সহায়তা করছে।
কারখানার বিভিন্ন শপের কর্মচারীরা জানান, ঈদ আসলে তাদের কাজে ব্যস্ততা বাড়ে। এখন কাজের জন্য দম ফেলার ফুরসত নেই। ক্যারেজ শপে মেরামত হয়ে আসা কোচগুলো তারা রঙ করছেন। কেউবা ওয়েল্ডিংয়ের কাজ করছেন।
কারখানার শ্রমিক শিরীন সুলতানা বলেন, “ঈদের সময় আমাদের বাড়তি চাপ থাকে। শুক্রবারও কাজ করতে হচ্ছে। আমাদের কাজের জন্য মানুষ পরিবার-পরিজনের সঙ্গে ঈদ করতে পারবে, এটাই সবচেয়ে বড় আনন্দ।”
প্রয়োজনীয় মালামাল ও জনবল সংকট থাকলেও ঈদে যাত্রীসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা জানিয়ে আরেক শ্রমিক রহিদুল আলম বলেন, অতিরিক্ত শ্রম ও সময় দিয়ে তারা কোচগুলো দ্রুত প্রস্তুতের কাজ চালিয়ে যাচ্ছেন; যাতে অধিকসংখ্যক যাত্রী স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারেন।
কারখানার ক্যারেজ শপের শ্রমিক হাসান বলেন, “প্রতি বছর আমরা ঈদের আগে বাড়তি সময় কাজ করে থাকি। এ সময় সাপ্তাহিকসহ অন্য ছুটি কাটানো সম্ভব হয় না। আমাদের শ্রমে ঘরমুখো মানুষ বাড়িতে ফিরে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করবে এতে আমরা খুশি।”
পেইন্ট শপে কাজ করছেন শ্রমিক নওশাদ। তিনি বলেন, “ঈদের ছুটিতে দূর-দূরান্ত থেকে মানুষের বাড়ি ফেরা নির্বিঘ্ন করতে আমরা কোচগুলো মেরামত করছি।
“প্রতিবছর বাড়তি সময় দিয়ে ঈদের আগে একটি উল্লেখযোগ্য সংখ্যক কোচ আমরা মেরামত করে থাকি। তারই ধারাবাহিকতায় এবারও মেরামত করা হচ্ছে।”
প্রতিবছর ঈদকে ঘিরে কারখানার লক্ষ্য পূরণে রেলের অচল কোচ সচল করার কথা বলেছেন ক্যারেজ শপের ওয়েল্ডিং মিস্ত্রি আলী হোসেন।
কারখানার শিডিউল শপের প্রকৌশলী রুহুল আমীন বলেন, ঈদে ঘরমুখো মানুষের যাত্রা স্বস্তিদায়ক করতে ১২৭টি কোচ সচল করা হচ্ছে। বাড়তি যাত্রীচাপ মোকাবিলায় দ্রুত সময়ের মধ্যে কোচ সরবরাহ নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করছেন তারা।
সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক নুর মোহাম্মদ বলেন, ইতোমধ্যে ১০৩টি কোচ পাকশী ও লালমনিরহাট রেলওয়ে বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি কোচ কয়েক দিনের মধ্যে হস্তান্তর করা হবে।
সংকট থাকলেও ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কারখানার শ্রমিক-কর্মচারীরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছেন বলে জানান তিনি।
