২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সর্পদংশনের পর ঝাড়ফুঁক, মৃত্যুর আগে হাসপাতালে

ওঝা দিয়ে বিষ নামানোর জন্য ঝাড়ফুঁক করানো হয়। শরীরে বিষক্রিয়া শুরু হলে তাকে দ্রুত পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2022, 01:04 AM

Updated : 03 Sep 2022, 01:04 AM

পঞ্চগড়ে সাপের কামড়ে এক কৃষক প্রাণ হারিয়েছেন; যাকে হাসপাতালে নেওয়ার আগে ঝাড়ফুঁক করা হয়েছিল।

শুক্রবার দুপুরে সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ফুটকী পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত আব্দুল জলিল (৫০) ওই গ্রামের প্রয়াত মধু ফকিরের ছেলে।

পরিবারের বরাতে হাড়িভাসা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইয়েদ নুর-ই-আলম জানান, দুপুরে জলিল লাউ খেতে কাজ করছিলেন। এ সময় একটি সাপ তার পায়ে কামড় দিলে তিনি দ্রুত বাড়ি ফিরে হাঁটুতে শক্ত করে কাপড় দিয়ে বেঁধে দেন।

“পরে স্থানীয় ওঝা দিয়ে সাপের বিষ নামানোর জন্য ঝাড়ফুঁক করান। এতে যন্ত্রণা না কমলে পায়ের বাঁধন খুলে দেওয়া হয়। এরপর শরীরে বিষক্রিয়া শুরু হলে তাকে দ্রুত পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।”

সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পঞ্চগড় সদর থানার ওসি আব্দুল লতিফ মিয়া জানান, এ ব্যাপারে অপমৃত্যুর মামলা হয়েছে।