১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চুয়াডাঙ্গায় পুকুর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

ওসি বলেন, কামাল উদ্দিন কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। মঙ্গলবার থেকে তার খোঁজ পাচ্ছিল না পরিবার।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2025, 03:52 PM

Updated : 26 Aug 2026, 05:20 PM

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় পুকুর থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার দুপুরে উপজেলা সদরের দশমী গ্রামের একটি পরিত্যক্ত পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন দামুড়হুদা থানার ওসি শেখ মেজবাহ উদ্দিন। 

নিহত ৬৫ বছরের কামাল উদ্দিন উপজেলার বদনপুর গ্রামের পশ্চিমপাড়ার বাসিন্দা এবং মৃত বিশারত আলীর ছেলে।

ওসি বলেন, বুধবার দুপুরে স্থানীয় লোকজন মাঠে কাজ করতে যাওয়ার সময় পরিত্যক্ত পুকুরটিতে ভাসমান মরদেহ দেখতে পান। তারা বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। 

পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহটি থানায় নেওয়া হয় এবং ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, কামাল উদ্দিন কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। মঙ্গলবার থেকে তিনি নিখোঁজ ছিলেন, পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি করলেও কোনো সন্ধান পাননি। 

এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি বলেও জানান ওসি।