২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার একদলীয় শাসন কায়েম করছে, লালমনিরহাটে জি এম কাদের

সম্প্রতি সংশোধন করা সাইবার নিরাপত্তা আইনের সমালোচনা করে কাদের বলেন, “একদলীয় শাসন ব্যবস্থা বহাল রাখতেই এই আইনকে ব্যবহার করা হচ্ছে।”

সরকার একদলীয় শাসন কায়েম করছে, লালমনিরহাটে জি এম কাদের

লালমনিরহাট রেলওয়ে অফিসার্স ক্লাব মাঠে জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জি এম কাদের।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2024, 01:07 PM

Updated : 10 Jan 2024, 01:07 PM

সরকার গণতন্ত্রকে ধ্বংস করে দেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।

বিরোধী দলীয় উপনেতা বলেছেন, “নিউ ইয়র্ক টাইমস বাংলাদেশ সম্পর্কে লিখেছে, ‘নীরবে ধ্বংস করা হচ্ছে একটি গণতন্ত্রকে’। প্রতিবেদনটিতে বাংলাদেশে একদলীয় শাসন ব্যবস্থা চালু করার কথা উল্লেখ করা হয়েছে।”

শনিবার বিকালে লালমনিরহাট রেলওয়ে অফিসার্স ক্লাব মাঠে জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সম্প্রতি সংশোধন করা সাইবার নিরাপত্তা আইনের সমালোচনা করে কাদের বলেন, “একদলীয় শাসন ব্যবস্থা বহাল রাখতেই এই আইনকে ব্যবহার করা হচ্ছে। আমাদের সংসদ সদস্যরা এর বিরোধিতা করলেও সরকার তা শোনেনি।”

সম্মেলনে প্রধান বক্তা জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বলেন, “জাতীয় পার্টির সহযোগিতায় ক্ষমতায় এসেছে আওয়ামী লীগ। এ সরকার শুধুমাত্র বিদ্যুৎ খাতে এক লাখ ১৪ হাজার কোটি টাকা লুটপাট করেছে। আগামী নির্বাচনে ক্যাপাসিটি চার্জ হিসেবে এই লুটপাটের হিসাব আওয়ামী লীগকে দিতে হবে।”

লালমনিরহাট জেলা জাতীয় পার্টির আহ্বায়ক শেরীফা কাদেরের সভাপতিত্বে দলটির কো-চেয়ারম্যান সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, সভাপতিমণ্ডলীর সদস্য এ টি ইউ তাজ রহমান, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, অবসরপ্রাপ্ত মেজর রানা মোহাম্মদ সোহেল, চেয়ারম্যানের উপদেষ্টা পনির উদ্দিন আহমেদ, নুরুল ইসলাম তালুকদার ও রংপুর মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ইয়াছির সম্মেলনে বক্তব্য দেন।

দ্বিতীয় অধিবেশনে লালমনিরহাট জেলা জাতীয় পার্টির সভাপতি হিসেবে শেরীফা কাদের এবং সাধারণ সম্পাদক হিসেবে জাহিদ হাসান লিমনের নাম ঘোষণা করেন মহাসচিব মুজিবুল হক চুন্নু।

[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ১৬ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]