১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

খাগড়াছড়িতে পাহাড় কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2026, 09:51 PM

Updated : 11 Sep 2026, 03:40 PM

খাগড়াছড়িতে অবৈধভাবে পাহাড় কেটে মাটি উত্তোলনের অভিযোগে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

শুক্রবার বিকাল ৫টার দিকে শহরের উত্তর সবুজবাগ এলাকার রসুলপুরে এ অভিযান পরিচালনা করেন খাগড়াছড়ি সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাবীন।

দণ্ড পাওয়া মো. শাহজাহান উত্তর সবুজবাগ এলাকার বাসিন্দা।

সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাবীন বলেন, পাহাড় কাটার খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে শাহজাহানকে আটক করা হয়। 

তাৎক্ষণিক সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী তাকে ৫০ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়। পাশাপাশি পাহাড় কাটার বিষয়ে তাকে সতর্ক করা হয়।

তিনি বলেন, পাহাড় কাটা আইনত নিষিদ্ধ। অবৈধভাবে পাহাড় কাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন ভ্রাম্যমাণ আদালতের এই বিচারক।