যশোরে শ্রেণিকক্ষে সিলিং ফ্যান খুলে পড়ে শিক্ষার্থী আহত
মোবাশ্বের জিলা স্কুলের দিবা শাখার দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র।
যশোরে জিলা স্কুলে শ্রেণিকক্ষে সিলিং ফ্যান খুলে পড়ে এক শিক্ষার্থী আহত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে ওই স্কুলের প্রধান শিক্ষক সোয়াইব হোসেন জানান।
আহত মোবাশ্বের রহমান (১৫) শহরের ষষ্টিতলা পাড়ার মিজানুর রহমানের ছেলে। মোবাশ্বের জিলা স্কুলের দিবা শাখার দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র।
প্রধান শিক্ষক সোয়াইব হোসেন বলেন, দশম শ্রেণির প্রাক নির্বাচনি পরীক্ষা চলছে। পরীক্ষা চলাকালীন আকস্মিক একটি ফ্যান উপর থেকে নিচে খুলে পড়ে। এতে একজন ছাত্র জখম হয়েছে। তাকে হাসপাতালে নেওয়া হয়।
আহত ছাত্রের মা জলি আফরোজ জানান, খবর পেয়ে তিনি জিলা স্কুলের পাশে স্কুল ক্লিনিকে গিয়ে তার ছেলেকে মাথায় ব্যান্ডেজ বাধা অবস্থায় দেখেন। সেখানে চিকিৎসকের পরামর্শে তাকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
সেখানে জরুরি বিভাগে তার মাথায় সেলাই দেয়া হয়। এরপর তাকে বাসায় নেওয়া হয়েছে বলে জানান তিনি।
জলি আফরোজসহ কয়েকজন অভিভাবক অভিযোগ করেছেন, জিলা স্কুলে পুরোনো ভবনে শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষা নেওয়া হয়। এ জন্য বিদ্যালয়ের অব্যবস্থাপনাকে দায়ী করেন তারা।
