২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণায় বৃদ্ধের ভোট অন্য মার্কায়, পোলিং অফিসার আটক

ব্যালটে ওই বৃদ্ধের পছন্দের প্রার্থীকে ভোট না দিয়ে অন্য প্রার্থীর প্রতীকে সিল মারা হয় বলে জানায় পুলিশ।

নেত্রকোণায় বৃদ্ধের ভোট অন্য মার্কায়, পোলিং অফিসার আটক
পোলিং অফিসার আমজাদ চৌধুরী।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2024, 06:25 PM

Updated : 10 Sep 2026, 12:07 PM

নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে এক বৃদ্ধকে ভোট দিতে সহায়তার সময় অন্য প্রার্থীকে ভোট দেওয়ার অভিযোগে এক পোলিং অফিসারকে আটক করেছে পুলিশ।

বুধবার দুপুর ২টার দিকে উপজেলার হাছলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে তাকে আটক করা হয় বলে জানান মোহনগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা কবির।

আটক আমজাদ চৌধুরী ওই কেন্দ্রের পোলিং অফিসার ছিলেন। তিনি মুক্তিযোদ্ধা স্মৃতি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

মোহনগঞ্জ থানার এসআই কানাই লাল চক্রবর্তী জানান, ওই কেন্দ্রে এক বৃদ্ধ তার ভোটটি দেওয়ার জন্য আমজাদ চৌধুরীর কাছে সহযোগিতা চান। তবে আমজাদ ব্যালট নিয়ে গোপন কক্ষে গিয়ে ওই বৃদ্ধের পছন্দের প্রার্থীকে ভোট না দিয়ে অন্য প্রার্থীর প্রতীকে সিল মারেন।

এতে ক্ষিপ্ত হয়ে ওই বৃদ্ধ ম্যাজিস্ট্রেটকে অভিযোগ করেন। অভিযোগ পেয়ে বিচারিক হাকিম ওই পোলিং অফিসারকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

বিকাল ৫টায় তাকে ছেড়ে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান এসআই কানাই লাল। 

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপে মোহনগঞ্জ উপজেলায় ভোটগ্রহণ হয়েছে। এখানে উপজেলায় চেয়ারম্যান পদে চারজন, ভাইস-চেয়ারম্যান পদে আটজন, মহিলা ভাইস-চেয়ারম্যান পদে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ উপজেলায় এক লাখ ৪৭ হাজার মোট ভোটার রয়েছে। আর ভোটকেন্দ্র রয়েছে ৫৫টি।