২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বরিশালে চিকিৎসাধীন অবস্থায় পুলিশের হেফাজত থেকে পালিয়ে যাওয়া ছাত্রলীগ নেতাকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
পুলিশের হেফাজত থেকে পালিয়ে যাওয়া ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2025, 02:33 PM

Updated : 26 Aug 2026, 12:43 PM

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পুলিশের হেফাজত থেকে পালিয়ে যাওয়া ছাত্রলীগ নেতাকে আবার গ্রেপ্তার করেছে পুলিশ।

পালানোর কয়েক ঘণ্টার মধ্যে বুধবার রাত ২টার দিকে ঢাকার দক্ষিণখানে একটি বেসরকারি হাসপাতালে থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান বরিশাল মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক ছগির হোসেন।

এর আগে বুধবার বিকালে ছাত্রলীগ নেতাকে গণপিটুনি দিয়ে পুলিশ সোপর্দ করেন ছাত্রদলের নেতাকর্মীরা। পরে বিকালে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতাল থেকে পালিয়ে যান তিনি। 

এ ঘটনায় রাতে বরিশাল মহানগর পুলিশের স্টিমারঘাট ফাঁড়ির চার সদস্যকে জেলা পুলিশ লাইনসে প্রত্যাহার করে নেওয়া হয়।

গ্রেপ্তার খালিদ খান রবিন বরিশাল সদর উপজেলার বাসিন্দা এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সাংগঠনিক সম্পাদক।

ছগির হোসেন বলেন, রবিন পালিয়ে যাওয়ার পর খবর পেয়ে বিভিন্ন স্থান থেকে তথ্য সংগ্রহ করা হয়। পরে ঢাকার দক্ষিণখান এলাকায় তার অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালানো হয়। সেখান থেকে তাকে গ্রেপ্তার করে সকালে বরিশাল কোতোয়ালি মডেল থানায় সোপর্দ করা হয়। 

বরিশাল কোতোয়ালি মডেল থানার এসআই পার্থ বলেন, রবিন বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুরের ঘটনায় করা মামলার আসামি। তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে পুলিশ পাহারায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

বরিশাল মহানগর ছাত্রদলের সহসভাপতি হুমায়ুন কবীর খান ফেরদাউস ও ১২ নং ওয়ার্ড ছাত্রদলের আহ্বায়ক শাহাদাৎ খান জানান, জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে রবিন হামলা চালিয়েছিল। এ ছাড়া গত বছরের ৪ অগাস্ট নগরীতে বিএনপির কার্যালয়ে ভাঙচুরের ঘটনায়ও ছিলেন তিনি।

বুধবার বিকালে রবিনকে আটক করে পুলিশকে জানানো হয়। পরে পুলিশ রবিনকে নিয়ে যায়। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় হাসপাতাল থেকে পালিয়ে যান রবিন।

এ ঘটনায় স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির এসআই রেজাউল ইসলাম রেজা, এটিএসআই মো. মাহবুব, কনস্টেবল মো. জাহাঙ্গীর এবং হাবীবকে পুলিশ লাইনসে ফিরিয়ে নেওয়া হয় বলে মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ ইমদাদ হুসাইন জানান।

পুলিশ হেফাজত থেকে ছাত্রলীগ নেতার পলায়ন, এসআইসহ চারজন প্রত্যাহার