২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশ হেফাজত থেকে ছাত্রলীগ নেতার পলায়ন, এসআইসহ চারজন প্রত্যাহার

“ছেলেটি খুব অসুস্থ ছিল। তাকে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকায় পুলিশ সদস্যরা বুঝতে পারেনি সে পালিয়ে যাবে।”

পুলিশ হেফাজত থেকে ছাত্রলীগ নেতার পলায়ন, এসআইসহ চারজন প্রত্যাহার
পালিয়ে যাওয়া খালিদ খান রবিন

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2025, 02:08 AM

Updated : 26 Aug 2026, 12:43 PM

বরিশালে হাসপাতালে পুলিশ হেফাজত থেকে এক ছাত্রলীগ নেতা পালিয়ে যাওয়ার ঘটনায় এক এসআইসহ চারজনকে ফাঁড়ি থেকে প্রত্যাহার করা হয়েছে। 

বুধবার রাতে নগরীর স্টিমারঘাট ফাঁড়ি থেকে চারজনকে পুলিশ লাইনসে ফিরিয়ে নেওয়া হয়েছে বলে মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ ইমদাদ হুসাইন জানিয়েছেন। 

তিনি বলেন, “চারজনের বিরুদ্ধে গাফিলতির প্রমাণ পাওয়া গেছে। তাই পুলিশ কমিশনার তাদের প্রত্যাহার করেছেন।” 

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সাংগঠনিক সম্পাদক খালিদ খান রবিনকে দুপুরে নগরীর আমতলা এলাকা থেকে আটক করে পিটুনি দেয় ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তাকে পুলিশে দেওয়া হয়। 

বরিশাল মহানগর ছাত্রদলের সহ-সভাপতি হুমায়ুন কবীর খান ফেরদাউস বলেন, “রবিন জুলাই-অগাস্টে ছাত্র-জনতার আন্দোলনে হামলা চালিয়েছিল। গত ৪ অগাস্ট নগরীতে বিএনপির কার্যালয়ে ভাঙচুরের ঘটনাতেও সে ছিল। তার বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা রয়েছে। 

“আটকের পর পুলিশকে জানালে তারা এসে রবিনকে নিয়ে যায়। পরে পুলিশের কাছ থেকে সে পালিয়ে গেছে বলা হচ্ছে। আসলে তাকে পালিয়ে যেতে সহায়তা করা হয়েছে।”

এ বিষয়ে প্রশ্ন করলে উপ কমিশনার ইমদাদ হুসাইন বলেন, “ছেলেটি খুব অসুস্থ ছিল। তাকে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকায় পুলিশ সদস্যরা বুঝতে পারেনি সে পালিয়ে যাবে।” 

ওই চারজনের মধ্যে এসআই রেজাউল ইসলাম রেজা ও এটিএসআই মো. মাহবুবের নাম জানা গেলেও দুজন কনস্টেবলের নাম বলতে পারেননি উপ কমিশনার ইমদাদ হুসাইন।