২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে এডুটিউব কুইজ কনটেস্ট অনুষ্ঠিত

চলতি বছরের ১০ মে ঢাকায় হোটেল শেরাটনে শিক্ষামন্ত্রী দীপু মনি এই কুইজ কনটেস্ট উদ্বোধন করেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2022, 11:00 PM

Updated : 01 Nov 2022, 11:00 PM

মাধ্যমিক বিদ্যালয় শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘এডুটিউব কুইজ কনটেস্টের’ চট্টগ্রাম বিভাগীয় রাউন্ড অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রাম নগরীর প্রেসক্লাবে শুক্রবার এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. ইসমাইল খান, বিশেষ অতিথি ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল ও কম্পিউটার প্রকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক রাজেশ পালিত।

গত ১০ মে ঢাকায় হোটেল শেরাটনে শিক্ষামন্ত্রী দীপু মনি এডুটিউব কুইজ কনটেস্ট ২০২২ এর উদ্বোধন করেন।

প্রতিযোগিতার বিভাগীয় রাউন্ডে চট্টগ্রাম বিভাগের ১১ জেলা থেকে অনলাইন পর্বে উত্তীর্ণ মোট ১৯টি দল অংশগ্রহণ করে। এই রাউন্ডে ২টি পর্বে সর্বোচ্চ নম্বর পেয়ে ২টি দল ঢাকায় টপ-১৬ পর্বের জন্য নির্বাচিত হয়েছে।

এ দুটি দল হলো ব্রাহ্মণবাড়িয়ার অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের ‘অনন্য অন্নদা’ এবং কুমিল্লার আনন্দ মাল্টিমিডিয়া স্কুলের ‘ভেলোসিটি’।

অনলাইন পর্বে উত্তীর্ণ ও বিভাগীয় পর্বে বাদ পড়া ১৭টি দলকে ১০,০০০ টাকা করে পুরস্কার দেওয়া হয়েছে বলে আয়োজকরা জানান।

অনুষ্ঠানে ইসমাইল খান এই ধরনের আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান এবং শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের বাইরে জ্ঞান অর্জনের জন্য আহবান জানান।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের প্রস্তুতি তাদের আরও এগিয়ে দেবে, আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে বলে তিনি মনে করেন।

এথিক্স অ্যাডভান্স টেকলোনজি লিমিটেডের (ইএটিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ মুবিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান।

সম্মানিত অতিথি ছিলেন বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মারসি এম. টেম্বন।

ইএটিএল এর ‘এডুটিউব’ একটি শিক্ষাবিষয়ক প্ল্যাটফর্ম। দেশের অনেক স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান এডুটিউব এলএমএস-এর মাধ্যমে তাদের অনলাইন শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে।

এই উদ্যোগে সম্পৃত্ত হয়েছে নলেজ পার্টনার বিশ্বব্যাংক, টেকনোলজি পার্টনার হূয়াওয়ে এবং স্ট্রেটেজি পার্টনার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন-বিটিআরসি।