‘প্রেমে রাজি না হওয়ায়’ কিশোরীকে ‘অপহরণ’, একমাস পর উদ্ধার
ফরিদপুর থেকে অপহৃত ওই কিশোরীকে গাজীপুর থেকে উদ্ধারের পাশাপাশি এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
প্রেমে রাজি না হওয়ায় ফরিদপুরের বোয়ালমারী উপজেলার এক কিশোরীকে ‘অপহরণের’ এক মাস পর গাজীপুরের কালিয়াকৈর থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে এক যুবককে।
বৃহস্পতিবার রাতে উপজেলার মৌচাক জুগিরচালা এলাকার একটি ভাড়া বাসা থেকে কিশোরীকে উদ্ধার এবং যুবককে গ্রেপ্তার করা হয় বলে জানান গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. দেলোয়ার হোসেন।
গ্রেপ্তার মো. ফয়সাল (২০) কুষ্টিয়ার দৌলতপুর থানার বাগুয়ানা এলাকার ইউনুছ শেখের ছেলে।
অপহৃত ১৪ বছর বয়সী ওই কিশোরী বোয়ালমারী উপজেলার চতুল উচ্চ বিদ্যালয়ের ৮ শ্রেণির ছাত্রী।
ওসি দেলোয়ার হোসেন বলেন, “সামাজিক মাধ্যম টিকটকে ভিকটিমের সঙ্গে ফয়সালের পরিচয় হয়। এক পর্যায়ে ফয়সাল ওই কিশোরীকে প্রেমের প্রস্তাব দিলে, সে তা প্রত্যাখান করে।
“২০ অগাস্ট সকাল সাড়ে ৭টার দিকে ভিকটিম ও তার জমজ বোন প্রাইভেট পড়তে যাওয়ার পথে ফয়সাল ও তার সহযোগীরা চেতনানাশক স্প্রে করে ওই কিশোরীকে অচেতন করে মাইক্রোবাসে তুলে নিয়ে যান।”
এ ঘটনায় ২৫ অগাস্ট ওই কিশোরীর পরিবারের পক্ষ থেকে বোয়ালমারী থানার মামলা করা হলে তদন্তে নামে পুলিশ।
পরে তথ্য প্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার রাতে কালিয়াকৈরের একটি ভাড়া বাসা থেকে ভিকটিমকে উদ্ধার এবং ফয়সালকে গ্রেপ্তার করা হয় বলে জানান ওসি দেলোয়ার হোসেন।
