১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

হাদির মৃত্যু: মাগুরায় গায়েবানা জানাজা ও বিক্ষোভ মিছিল

বক্তারা ওসমান হাদির খুনিদের দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় এনে ফাঁসির দাবি জানান।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2025, 05:59 PM

Updated : 26 Aug 2026, 05:21 PM

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির হত্যার প্রতিবাদে মাগুরায় বিক্ষোভ মিছিল, সমাবেশ হয়েছে। এছাড়া ছাত্র-জনতার আয়োজনে হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। 

শুক্রবার দুপুর ৩টায় সরকারি হোসেন শহীদ সোহরার্দী কলেজ চত্বরে গায়েবানা জানাজা শেষে  শহরে এই বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলটি শহরের ভায়না মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সদস্য সচিব মো. হুসাইন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুর রহিম, সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি শফিকুল ইসলাম, এনসিপি মাগুরা জেলা শাখার আহ্বায়ক রাসেল মজুমদার প্রমুখ। 

সমাবেশে বক্তারা বলেন, ওসমান হাদি চলে গেছেন কিন্তু জীবন দিয়ে তিনি সাহসের ইতিহাসে তার অবদান রেখে গেছে। হাদির জীবন ছিল সংগ্রাম, সাহস ও দায়বদ্ধতার এক অনন্য দলিল। 

তারা ওসমান হাদির খুনিদের দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় এনে ফাঁসির দাবি জানান। 

জুলাই অভ্যুত্থান এবং আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের মধ্য দিয়ে পরিচিতি পাওয়া হাদি ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন।

গত ১২ ডিসেম্বর দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির সামনে রিকশায় করে যাওয়ার সময় ওসমান হাদির উপর আক্রমণ হয়। ওই সময় মোটরসাইকেলে করে এসে দুজন তাকে খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায়।

পরে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়া হয়। একপর্যায়ে পরিবারের ইচ্ছায় তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। এরপর সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার চিকিৎসা চলে।

পরে উন্নত চিকিৎসার জন্য সোমবার এয়ার অ্যাম্বুলেন্সে করে হাদিকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়েছিল; সেখানেই বৃহস্পতিবার তার মৃত্যু হয়।