১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

বরিশালে স্কুলের পরিত্যক্ত টয়লেটের ট্যাংকে তরুণের লাশ

বিদ্যালয়ের পাশের বাড়ির শিশুরা গাছের ঝরা পাতা সংগ্রহ করেত গিয়ে পরিত্যাক্ত ট্যাংকের ভেতরে মনিরের লাশ দেখতে পায়।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2026, 03:54 PM

Updated : 26 Aug 2026, 03:10 PM

বরিশালের হিজলা উপজেলায় বিদ্যালয়ের পরিত্যক্ত টয়লেটের ট্যাংক থেকে তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার সকালে উপজেলার ধুলখোলা ইউনিয়নের পালপাড়া গ্রামের পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান হিজলা থানার ওসি আদিল হোসেন। 

লাশটি মনির রাঢ়ীর (২০), তিনি পালপাড়া গ্রামের বাসিন্দা মো. সুলতান রাঢ়ীর ছেলে। মাছ শিকারসহ যখন যে কাজ পেতেন, সেই কাজ করতেন এই তরুণ। 

ওসি আদিল হোসেন বলেন, বিদ্যালয়ের পাশের বাড়ির শিশুরা গাছের ঝরা পাতা সংগ্রহ করেত গিয়ে পরিত্যাক্ত ট্যাংকের ভেতরে মনিরের লাশ দেখতে পায়। তারা চিৎকার করলে স্থানীয়রা এসে লাশ দেখে পুলিশকে খবর দেয়। 

“বিষয়টি হত্যাকাণ্ড। লাশের শরীরসহ মুখমণ্ডলে আঘাত ও জখমের চিহ্ন রয়েছে। হত্যার রহস্য উদঘাটনে সিআইডি পুলিশকে খবর দেওয়া হয়েছে।” 

ওসি আদিল হোসেন আরও বলেন, “সুরতহাল প্রতিবেদন তৈরির পর লাশের ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। পরিবারের অভিযোগ পেলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”