২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনার মেয়র ও ৬ এমপিকে নির্বাচনী আচরণবিধি মানতে চিঠি

জেলা পরিষদ নির্বাচনের একটি সভায় অংশ নেওয়ার পরিপ্রেক্ষিতে রিটার্নিং কর্মকর্তা এই চিঠি দিয়েছেন।

খুলনার মেয়র ও ৬ এমপিকে নির্বাচনী আচরণবিধি মানতে চিঠি

খুলনা জেলা পরিষদ ভবন

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2022, 11:51 PM

Updated : 13 Oct 2022, 11:51 PM

জেলা পরিষদ নির্বাচনের আচরণবিধি মেনে চলার জন্য খুলনার মেয়র ও ছয় সংসদ সদস্যকে চিঠি দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।   

রিটার্নিং কর্মকর্তা ও খুলনা জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার বলেন, নির্বাচন কমিশন সচিবালয় থেকে আচরণবিধি প্রতিপালনের বিষয়ে একটি পরিপত্র দেওয়া হয়েছে। গত ১১ অক্টোবর পাঠানো ওই চিঠিতে সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক এবং ছয় জন সংসদ সদস্যকে নির্বাচনী আচরণবিধি প্রতিপালনের কথা বলা হয়েছে। 

“সেখানে কিছু নির্দেশনা আছে, আমরা নির্দেশনার বিষয়টি খুলনার মেয়র, সংসদ সদস্যদের চিঠি দিয়ে জানিয়ে দিয়েছি।” 

৩ অক্টোবর খুলনা ক্লাবে নয় উপজেলার ইউপি চেয়ারম্যান, সদস্যসহ জেলা পরিষদ নির্বাচনের ভোটারদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করে আওয়ামী লীগ। জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদে আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী শেখ হারুনুর রশিদের সভাপতিত্বে এতে সিটি মেয়র ও খুলনার ছয় সংসদ সদস্য দলীয়প্রার্থীর পক্ষে ভোট প্রার্থনা করেন।

এ বিষয়ে জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এস এম মোর্ত্তজা রশিদী দারা এবং ডা. শেখ বাহারুল আলম গত ৬ ও ১০ অক্টোবর মেয়র ও সংসদ সদস্যদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আনেন। 

তারই পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন সচিবালয় থেকে আচরণবিধি প্রতিপালনের বিষয়ে পরিপত্র জারি করে। 

নির্বাচন কমিশনের পরিপত্রে উল্লেখ করা হয়েছে, জেলা পরিষদ (নির্বাচনী আচরণ) বিধিমালার ২২ বিধি অনুযায়ী সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী ও সমপদমর্যাদা সম্পন্ন ব্যক্তি, সংসদ সদস্য ও সিটি করপোরেশনের মেয়র নির্বাচনী এলাকায় প্রচারণা বা নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন না। 

পরিপত্রে আরও বলা হয়, কিন্তু সম্প্রতি লক্ষ্য করা গেছে, সংসদ সদস্য বা সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি নির্বাচনী প্রচারণায় বা কার্যক্রম প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশগ্রহণ করছেন। অথবা প্রচারণায় অংশগ্রহণের অভিযোগ পাওয়া যাচ্ছে বা বিভিন্ন প্রিন্ট/ইলেকট্রনিক মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হচ্ছে। 

এ ব্যাপারে রিটার্নিং কর্মকর্তার চিঠি পাওয়ার কথা জানিয়ে খুলনা-১ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাস বলেন, আচরণবিধির বিষয়ে একটি চিঠি এসেছে।